জঙ্গি হামলায় আইএসআইয়ের পাঁচ কর্মকর্তাসহ নিহত ৯
পাকিস্তানের সিন্ধু প্রদেশের শাকুর শহরে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার (আইএসআই) একটি কার্যালয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে আইএসআইয়ের পাঁচ কর্মকর্তাসহ নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৮ জন।
দ্য ডন পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার ইফতারের পর এই আত্মঘাতী জঙ্গি হামলা হয়। নিহতদের মধ্যে আইএসআইয়ের পাঁচজন কর্মকর্তা বাদে অন্য চারজন হামলাকারী জঙ্গি। আইএসআইয়ের কর্মকর্তা নিহত হওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে অবশ্য কিছু জানানো হয়নি।
পুলিশ জানায়, হামলাকারীরা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এর একটি সংশ্লিষ্ট এলাকার পুলিশ ভবনের বাইরে। অন্যটি আইএসআইয়ের কার্যালয়ের বাইরে।
আত্মঘাতী এক হামলাকারী পুলিশ ভবনের সামনে নিজেকে উড়িয়ে দেয়। অপর এক হামলাকারী আইএসআইয়ের কার্যালয়ের বাইরে গাড়িভর্তি বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটায়।
হামলাকারীরা একটি সরকারি ভবন নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের গুলিবিনিময় হয়।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, হামলায় অংশ নেওয়া জঙ্গিরা নিহত হয়েছে। আইএসআই ভবন এখন জঙ্গিমুক্ত। হামলায় বিভিন্ন ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে। কোনো পক্ষ এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।