জঙ্গি হামলার শঙ্কা কাটছে না ১৯ মিশন বন্ধের সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসে জঙ্গি হামলা নিয়ে এখনো উদ্বেগ কাটেনি ওবামা প্রশাসনের। জঙ্গি হামলার আশঙ্কায় উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মার্কিন মিশনগুলো বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে। পররাষ্ট্র দপ্তর থেকে গত রোববার এ নির্দেশনা দেওয়া হয়।

পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়, মোট ১৯টি মার্কিন দূতাবাস ও কনস্যুলেট ১০ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। রোববার বন্ধ থাকা ১৫টি দূতাবাস ও কনস্যুলেটের পাশাপাশি তালিকায় নতুন চারটি যুক্ত হয়েছে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন পিসাকি জানান, মুসলিম বিশ্বের বহু দূতাবাস ঈদুল ফিতর উপলক্ষে এ সপ্তাহে এমনিতেই বন্ধ থাকার কথা। এ ছাড়া মুসলিম দেশগুলোতে মার্কিন নাগরিকদের ভ্রমণে গত শুক্রবার যে সতর্কাবস্থা জারি করা হয়, তা চলতি আগস্টের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। তবে তিনি বলেন, ‘এটার অর্থ এই নয়, নতুন হুমকির প্রেক্ষাপটে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বরং এটি হচ্ছে, স্থানীয় কর্মীসহ আমাদের কর্মী ও আমাদের দপ্তরগুলোতে আসা দর্শনার্থীদের সুরক্ষা দিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত মাত্র।’

কথিত সন্ত্রাসী হামলার আশঙ্কার মুখে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্তত ২৫টি মার্কিন দূতাবাস ও কনস্যুলেট রোববার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। মার্কিন আইনপ্রণেতারা বলছেন, আল-কায়েদার ইয়েমেন ও আরব শাখার উচ্চপর্যায়ের নেতাদের বড় ধরনের হামলার পরিকল্পনার ফোনালাপ, ই-মেইল যোগাযোগ ইত্যাদি গোয়েন্দাদের নজরে আসার পর ওই ব্যবস্থা নেওয়া হয়।

আইনপ্রণেতারা জানান, ওই পদক্ষেপ গ্রহণের পেছনে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল। গত কয়েক বছরের মধ্যে এই গোয়েন্দা তথ্যকে সবচেয়ে মারাত্মক হুমকি হিসেবে দেখছেন তাঁরা। কংগ্রেসের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান মিশেল ম্যাককল বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর তাঁর দেখা সবচেয়ে ‘সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য’ হুমকিগুলোর মধ্যে অন্যতম এটা। তিনি বলছেন, চলতি পবিত্র রমজান মাসের শেষের দিকে এই হামলা ‘আসন্ন’ বলে তাঁদের কাছে মনে হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমে কথিত ওই সন্ত্রাসী হামলার পরিকল্পনার জন্য জঙ্গি সংগঠন আল-কায়েদাকেই চিহ্নিত করা হচ্ছে। আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরির নাম উচ্চারিত হচ্ছে সংবাদমাধ্যমে।

এবিসি নিউজ অজ্ঞাত মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিতে আল-কায়েদা অস্ত্রোপচারের মাধ্যমে দেহে বিস্ফোরক স্থাপন করা আত্মঘাতী হামলাকারীদের মোতায়েন করতে পারে।

যে ১৯টি কূটনৈতিক মিশন ১০ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা পেয়েছে, সেগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুটি, জর্ডানে একটি, মিসরে একটি, সৌদি আরবে তিনটি, কাতারে একটি, কুয়েতে একটি, বাহরাইনে একটি, ওমানে একটি, ইয়েমেনে একটি, লিবিয়ায় একটি, মাদাগাস্কারে দুটি,  বুরুন্ডিতে দুটি, জিবুতিতে একটি, সুদানে একটি, রুয়ান্ডায় দুটি ও মরিশাসে দুটি।

রোববার বন্ধ থাকায় আফগানিস্তান, আলজেরিয়া, বাংলাদেশ, মৌরিতানিয়া, ইরাক ও ইসরায়েলের দূতাবাস গতকাল সোমবার খুলে দেওয়া হয়েছে।

মুসলিম বিশ্বজুড়ে দূতাবাস ও কূটনৈতিক মিশন বন্ধ রাখার বিষয়ে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণা আসার পর ইয়েমেনের রাজধানী সানায় রোববার কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি ব্রিটিশ, ফরাসি ও জার্মান দূতাবাসও বন্ধ ছিল। যুক্তরাজ্য ও ফ্রান্স গত শনিবার জানায়, সানায় তাদের দূতাবাসগুলো রোববার ও সোমবার বন্ধ থাকবে। আর জার্মানি জানায়, সেখানে তাদের দূতাবাস ‘কয়েক দিনের জন্য’ বন্ধ থাকবে।

যুক্তরাষ্ট্র সন্ত্রাসী হামলার আশঙ্কায় আগেও বিভিন্ন দেশে কূটনৈতিক মিশন বন্ধ রাখে। তবে এবারই সবচেয়ে বেশি মিশন বন্ধ করা হলো। মধ্যপ্রাচ্যে কাজ করা সাবেক মার্কিন কর্মকর্তা রবার্ট বায়ের সিএনএনকে বলেন, ‘আমি সিআইএতে ২১ বছর কাটিয়েছি। আমি কখনোই একসঙ্গে এতগুলো মার্কিন মিশন বন্ধ করতে দেখিনি। এটা সত্যিই খুবই অস্বাভাবিক ঘটনা।’