জঙ্গি 'তুষ্ট' করার নীতিতে হুঁশিয়ারি জারদারির
জঙ্গিদের ‘তুষ্ট’ করার নীতি গ্রহণের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি বলেন, পাকিস্তানি তালেবানের হামলায় শীর্ষ দুই সেনা কর্মকর্তা নিহত হওয়ার পর ওই নীতির অন্তঃসারশূন্যতা দেখা দিয়েছে।
জারদারি গত রোববার বলেন, জঙ্গিদের ‘তুষ্ট’ করার নীতির অন্তঃসারশূন্যতা নিয়ে যদি কারও কোনো সংশয় থেকে থাকে, তবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রাক্কালে আপার দির এলাকার ঘটনার পর সেই সংশয় মুছে ফেলতে হবে।
পাকিস্তানি তালেবান রোববার আপার দির এলাকায় মেজর জেনারেল সানাউল্লাহ ও লে. কর্নেল তাউসিফ এবং একজন ল্যান্স নায়েককে বোমা মেরে হত্যা করে।
সম্প্রতি পাকিস্তানের সরকার তালেবানসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে একটি সর্বদলীয় সম্মেলন করে। সর্বশেষ এই তালেবান হামলার পর ওই সম্মেলনের যৌক্তিকতা নিয়ে বিশ্লেষক এবং স্থানীয় গণমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। পিটিআই।