জঙ্গিগোষ্ঠীগুলোতে বিদেশি যোদ্ধা রয়েছে ২৫ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গি সংগঠনগুলোতে যোগ দিতে ২৫ হাজারের বেশি বিদেশি যোদ্ধা বিভিন্ন দেশে পাড়ি দিয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর বিবিসি ও এপির।
প্রতিবেদন তৈরির সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি যোদ্ধাদের বিভিন্ন দেশে পাড়ি জমানোর ঘটনা আগেও ঘটেছে। তবে অতীতের যেকোনো সময়ের চেয়ে তা এখন বেশি হচ্ছে। বিশেষ করে তিন বছর ধরে সংখ্যাটা বাড়ছে ব্যাপকভাবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দেওয়া ওই প্রতিবেদনে বলা হয়েছে, এক দশক আগেও বিদেশি যোদ্ধার সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার। এখন তা বেড়ে ২৫ হাজারের বেশি হয়ে গেছে। আর ২০১৪ সালের মধ্যভাগ থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত সময়ে তাদের সংখ্যা বেড়েছে ৭১ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্তত ১০০টি দেশ থেকে যোদ্ধারা বিভিন্ন দেশের যুদ্ধক্ষেত্রে যোগ দিয়েছে। যুদ্ধ বা সংঘাতকবলিত দেশগুলোর মধ্যে রয়েছে ইরাক, সিরিয়া, লিবিয়া ও পাকিস্তান। ইরাক ও সিরিয়ায় কমবেশি ২২ হাজার বিদেশি যোদ্ধা রয়েছে জানিয়ে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে, দেশ দুটি ‘চরমপন্থীদের জন্য প্রশিক্ষণের স্থানে’ পরিণত হয়েছে। এসব যোদ্ধার বেশির ভাগই যোগ দিয়েছে আইএসে। উল্লেখযোগ্য সংখ্যক যোদ্ধা যুক্ত হয়েছে আল-কায়দার সিরীয় শাখা আল-নুসরা ফ্রন্টে।
প্রতিবেদনটি তৈরি করেছেন আল-কায়েদার বিরুদ্ধে জাতিসংঘের বিভিন্ন অবরোধ-নিষেধাজ্ঞা পর্যবেক্ষণের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা। তাঁরা সতর্ক করে দিয়ে বলেছেন, ইরাক ও সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসকে পরাজিত করা হলে তা নেতিবাচক ফলও বয়ে আনতে পারে। কারণ, তখন সেখানকার অভিজ্ঞ যোদ্ধারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিরিয়া ও ইরাকের বাইরে আফগানিস্তানে কমবেশি সাড়ে ছয় হাজার যোদ্ধা রয়েছে। এ ছাড়া ইয়েমেন, লিবিয়া ও পাকিস্তানে রয়েছে কয়েক শ করে যোদ্ধা। যেসব দেশ থেকে সবচেয়ে বেশি যোদ্ধা এসেছে, তার মধ্যে রয়েছে তিউনিসিয়া, মরক্কো, ফ্রান্স ও রাশিয়া। এ ছাড়া মালদ্বীপ, ফিনল্যান্ড এবং ত্রিনিদাদ ও টোবাগো থেকেও ক্রমবর্ধমানভাবে যোদ্ধা যাচ্ছে।
প্রতিবেদনটিতে জানানো হয়েছে, বিদেশি যোদ্ধাদের শনাক্ত করার জন্য বৈশ্বিক ব্যবস্থায় ১০ শতাংশের কম মৌলিক তথ্য রয়েছে। তাই তাদের শনাক্ত করার স্বার্থে বিভিন্ন দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান আরও জোরালো করার তাগিদ দেওয়া হয়েছে এতে।
১০০ দেশ থেকে যোদ্ধারা বিভিন্ন দেশের যুদ্ধক্ষেত্রে যোগ দিয়েছে
২২,০০০ বিদেশি যোদ্ধা রয়েছে ইরাক ও সিরিয়ায়
৬,৫০০ যোদ্ধা রয়েছে আফগানিস্তানে
৭১% বিদেশি যোদ্ধার সংখ্যা বেড়েছে গত নয় মাসে