জঙ্গিদের দখলে আরও চার শহর, দুই সীমান্তপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিরা ইরাকের আরও চারটি শহর দখল করে নিয়েছে৷ এর মধ্যে আনবার প্রদেশের গুরুত্বপূর্ণ তিনটি শহর দখল করেছে তারা৷ পাশাপাশি আরও দুটি গুরুত্বপূর্ণ সীমান্তপথ দখলে নিয়েছে বিদ্রোহীরা। এ নিয়ে আনবারের তিনটি গুরুত্বপূর্ণ সীমান্তপথ এখন জঙ্গিদের নিয়ন্ত্রণে। জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে নুরি আল-মালিকির সরকার৷ দেশটির রাজনীতিক ও কূটনীতিকেরা গতকাল রোববার এ কথা জানিয়েছেন। খবর এএফপি, বিবিসি ও এপির৷
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্টের (আইএসআইএল) যোদ্ধাদের অব্যাহত অগ্রযাত্রায় ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ দেশে জাতিগত বিরোধ নিরসনে ব্যর্থতার কারণে তাঁর ক্ষমতা ছাড়া উচিত বলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইতিমধ্যে জানিয়ে দিয়েছে৷ জঙ্গিরা শুক্রবার থেকে এ পর্যন্ত চারটি শহর (কাইম, রাওয়া, আনা ও রুতবা) দখল করে নিয়েছে৷
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সরকারি বাহিনীর তুলনায় জঙ্গিদের এখন অধিকতর প্রশিক্ষিত, অস্ত্রশস্ত্রে পরিপূর্ণ এবং অভিজ্ঞ মনে হচ্ছে৷ তারা চলতি মাসে মসুলসহ ইরাকের গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে৷ তাদের মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে রাজধানী বাগদাদের রাজনীতিক ও কূটনীতিকেরা হতাশা ব্যক্ত করেছেন৷ কারণ, সিরিয়া সীমান্তের বেশ কয়েকটি এলাকায় আইএসআইএলের যোদ্ধারা নিজেদের শক্ত অবস্থান গড়ে নিয়েছে, যেখানে গিয়ে সরকারি বাহিনী সুবিধা করতে পারবে না৷
বিদ্রোহীরা জানায়, ফোরাত নদীর পার্শ্ববর্তী রাওয়া ও আনে শহর দুটি তারা দখল করে নিয়েছে৷ আর পশ্চিমাঞ্চলীয় কাইম শহরটি দখলের ফলে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে সামরিক সরঞ্জাম আনা-নেওয়া করা তাদের জন্য সহজ হবে৷ আর ইরাকের বৃহত্তম তেল শোধনাগার বাইজিও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে৷ সরকারি কর্মকর্তারা অবশ্য দাবি করেছেন, বাইজি এখনো নিরাপত্তা বাহিনীর দখলে রয়েছে৷ তবে সেনাবাহিনীর ওপর সহিংস হামলা হচ্ছে৷
কাইম শহর জঙ্গিদের দখলে চলে যাওয়ার কথা স্বীকার করে ইরাকি কর্মকর্তারা গত শনিবার জানান, সেখানে বিদ্রোহীদের সঙ্গে দিনব্যাপী লড়াইয়ে ৩০ সেনা নিহত হয়েছেন৷ এদিকে, শিয়া সম্প্রদায়ের নেতা মুকতাদা আল-সদরের অনুগত যোদ্ধারা বাগদাদের রাস্তায় রাস্তায় শনিবার সশস্ত্র মহড়া দিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করেছে৷ এতে জাতিগত সহিংসতা বৃদ্ধির আশঙ্কা আরও বাড়ছে৷ ঘটনাটি এমন এক মুহূর্তে ঘটল, যখন ইরাকে জঙ্গিবিরোধী অবস্থানের জন্য সবার ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র৷
জঙ্গিদের দখলে আরও দুটি সীমান্তপথ: ইরাক থেকে জর্ডান ও সিরিয়ায় সীমান্তপথে যাওয়া আসার দুটি গুরুত্বপূর্ণ পথ (বর্ডার ক্রসিং) সুন্নি জঙ্গিরা গতকাল দখল করে নিয়েছে। এই নিয়ে ইরাকের সবচেয়ে বড় প্রদেশ আনবারের তিনটি গুরুত্বপূর্ণ সীমান্তপথ বিদ্রোহীদের কবজায় চলে গেল। ইতিমধ্যে উত্তরাঞ্চলীয় তাল আফার শহরের বিমানবন্দর বিদ্রোহীদের দখলে চলে গেছে।
তিকরিতে বিমান হামলায় নিহত ৭: ইরাকের বিদ্রোহী নিয়ন্ত্রিত তিকিরত শহরে গতকাল রোববার এক বিমান হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে৷ রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, সালাহউদ্দিন প্রদেশের রাজধানী শহর তিকরিতে জঙ্গিদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়৷ এতে অন্তত ৪০ জন বিদ্রোহী প্রাণ হারিয়েছে৷ তবে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহতের সংখ্যা সাত৷ আর তারা বিদ্রোহী নাকি সরকারি বাহিনীর সদস্য, তা স্পষ্ট নয়৷