জঙ্গিদের দখলে ইরাকের পারমাণবিক উপকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের সুন্নি জঙ্গিরা মসুল শহরের একটি বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত বিভিন্ন পারমাণবিক উপকরণ দখল করে নিয়েছে।তবে এসব উপকরণ ‘নিম্নমানের’ বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।
এদিকে ইরাকি কুর্দি সম্প্রদায়ের আঞ্চলিক প্রেসিডেন্ট মাসুদ বারজানির একজন মুখপাত্র গতকাল বৃহস্পতিবার বলেছেন, প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি ‘হিস্টিরিয়া রোগে আক্রান্ত। তিনি ভারসাম্য হারিয়ে ফেলেছেন। ইরাকি জনগণের কাছে ক্ষমা চেয়ে তাঁর পদত্যাগ করা উচিত। তিনি দেশকে ধ্বংস করেছেন এবং তাঁর মতো ব্যক্তি দেশকে সংকট থেকে বাঁচাতে পারবেন না।’ খবর রয়টার্স, বিবিসি, এএফপি ও এনডিটিভির।
কুর্দি রাজধানী আরবিলে জঙ্গিদের মদদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মালিকি। জিহাদি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অব দ্য ইরাক অ্যান্ড দ্য লেভান্টের (আইএসআইএল) ইরাক ও সিরিয়ার সুন্নি অধ্যুষিত বিশাল অঞ্চলের দখল নিয়ে সেখানে গত মাসে ‘খিলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দেয়।
আইএসআইএলের জঙ্গিরা গত জুন থেকেই ইরাকের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে থাকে। তাদের প্রতিরোধে শিয়া সম্প্রদায়ের নেতৃত্বাধীন সরকার লড়াই করছে। কুর্দি সম্প্রদায় একটি স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্ঠার লক্ষ্যে দ্রুত গণভোট আয়োজনের পরিকল্পনার কথা ঘোষণা করায় ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রী মালিকি তাদের (কুর্দি) বিরুদ্ধে ওই অভিযোগ তোলেন। তিনি বলেন, কুর্দিরা পরিস্থিতির সুযোগ নিতে চাইছে। সরকার এ ব্যাপারে নীরব থাকতে পারে না।
জঙ্গিরা যেসব রাসায়নিক উপাদানের দখল নিয়েছে, তাতে প্রায় ৪০ কেজি পরিমাণ ইউরেনিয়াম যৌগ রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূত মোহাম্মদ আলী আল-হাকিম। তাঁর লেখা একটি চিঠি রয়টার্সের হাতে এসেছে। এতে তিনি ‘সন্ত্রাসীদের দখলে’ এসব রাসায়নিক উপাদান চলে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এই হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন।
তবে মার্কিন কর্মকর্তারা বলেন, জঙ্গিদের কাছে খুব বেশি পরিমাণে ইউরেনিয়াম পৌঁছায়নি। আর সেগুলো ব্যবহার করে রাসায়নিক অস্ত্র তৈরি করার কাজটা জঙ্গিদের জন্য খুব কঠিন হবে।
কোটি ডলারের পুরস্কার ঘোষণা: ইরাক ও সিরিয়াজুড়ে বিস্তৃত ‘খিলাফতের’ স্বঘোষিত নেতা আবু বকর আল-বাগদাদির বিরুদ্ধে তথ্য-প্রমাণ এবং তাঁকে গ্রেপ্তারে সহায়তার বিনিময়ে এক কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তাঁকে ধরতে ২০১১ সালে ওই পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছিল। ওই ঘোষণা এখনো বলবৎ রয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। বাগদাদির আরেক নাম আবু দুয়া। তিনি ইরাকে ২০১১ সাল থেকে পরিচালিত বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছেন। বাগদাদের অদূরে আবু গারাইব কারাগারে ২০১৩ সালের জুলাইয়ে এক হামলায়ও তিনি জড়িত ছিলেন।