ইঙ্গ-মার্কিন বাহিনীর আগ্রাসনে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের পর সবচেয়ে নাজুক অবস্থায় এখন ইরাক৷ দেশটির একের পর এক শহর দখল করছে আল-কায়েদার শাখা ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভােন্টর (আইএসআইএল) জঙ্গিরা। এখন তাদের লক্ষ্য রাজধানী বাগদাদ দখল। ফলে আশঙ্কা দেখা দিয়েছে, স্বৈরশাসকের কবল থেকে মুক্ত ইরাক কিনা এবার জঙ্গিদের কবলে চলে যায়৷
একের পর এক শহর দখল করার হুমকি দিয়েছে আইএসআইএল। সংগঠনটির মুখপাত্র আবু মোহাম্মদ আল আদনানি বলেছেন, রাজধানী বাগদাদ ও কারবালায় যুদ্ধ ছড়িয়ে পড়বে।
জঙ্গিদের এই বেপরোয়া তৎপরতায় আন্তর্জাতিক পরিমণ্ডলে উদ্বেগ দেখা দিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরাক-সংকট নিয়ে গতকাল জরুরিভিত্তিতে আলোচনার ডাক দিয়েছে।
একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালাতে ওবামা প্রশাসনের প্রতি অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছেন ইরাকের কর্মকর্তারা৷ ইরাক সরকারকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ওবামা প্রশাসন। এই সহায়তার মধ্যে ড্রোন হামলা থাকতে পারে।
প্রায় এক সপ্তাহ লড়াইয়ের পর গত মঙ্গলবার ইরাকের দ্বিতীয় বৃহত্তম মসুল শহর দখল করে আইএসআইএল। মসুলের বাসিন্দারা জানান, শহরের বিভিন্ন ভবনে জিহাদি পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে। লাউড স্পিকারে জঙ্গিরা ঘোষণা দিচ্ছে, তারা শহরটিকে ‘স্বাধীন করতে এসেছে’।
আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক সংস্থা (আইএমও) জানায়, মসুল থেকে পাঁচ লাখের মতো লোক এরই মধ্যে পালিয়ে গেছে। বেশির ভাগ মানুষই পার্শ্ববর্তী কুর্দিস্তানের দিকে যাচ্ছে। সেখানে অস্থায়ী শিবির খুলেছে কর্তৃপক্ষ। জঙ্গিরা দখল করেছে ইরাকের প্রয়াত নেতা সাদ্দাম হোসেনের জন্মভূমি তিকরিত ও তেল শোধনের জন্য বিখ্যাত বাজির শহর৷ এর আগে জঙ্গিরা রামাদি ও ফালুজা শহর দখল করেছে৷
মসুলের দক্ষিণ-পূর্বে অবস্থিত কিরকুকের কাছে রাশাদসহ আরও কয়েকটি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে৷
বর্তমানে পূর্ব ও পশ্চিম সিরিয়া এবং মধ্য ইরাকের উল্লেখযোগ্য এলাকার নিয়ন্ত্রণ জঙ্গিদের হাতে। নির্মম কৌশল এবং আত্মঘাতী হামলার জন্য পরিচিত আইএসআইএল সিরিয়াও ব্যাপক সক্রিয়৷ অন্যান্য জঙ্গিগোষ্ঠীর তুলনায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীর সঙ্গে লড়াইয়ে তারা সবচেয়ে বেশি এগিয়ে৷ ইরাকেও তারা সবচেয়ে শক্তিশালী৷ তাই বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, দ্রুত জোরালো পদক্ষেপ না নিলে এই জঙ্গিরা পুরো ইরাকের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে৷