জঙ্গিদের দখলে যাচ্ছে ইরাক?

ইরাকিদের ভাগ্যে বোধ হয় শান্তি নেই। ইঙ্গ-মার্কিন বাহিনীর আগ্রাসনে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের পর থেকে দেশটিতে অরাজকতা লেগে আছে। এখন তা চরমে। একের পর এক দেশটির শহর দখল করছে আল-কয়েদার সমর্থিত জঙ্গিরা। এবার লক্ষ্যস্থল—রাজধানী বাগদাদ। তাই আশঙ্কা, ইরাক কি তবে জঙ্গিদের দখলে যাচ্ছে?
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, শহর দখলের ধারাবাহিকতা বজায় রাখার হুমকি দিয়েছে আল-কায়েদার শাখা ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল)।
সংগঠনটির মুখপাত্র আবু মোহাম্মদ আল আদনানি বলেছেন, রাজধানী বাগদাদ ও কারবালায় যুদ্ধ ছড়িয়ে পড়বে।
জঙ্গিদের এই অপ্রতিরোধ্য তত্পরতায় আন্তর্জাতিক পরিমণ্ডলে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। একই সঙ্গে ইরাক-সংকট নিয়ে আজ জরুরিভিত্তিতে আলোচনার ডাক দেওয়া হয়েছে।
এর আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুন ইরাক-পরিস্থিতি নিয়ে তাঁর গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে ইরাকের পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি।
একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালাতে ওবামা প্রশাসনের প্রতি অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছেন ইরাকের কর্মকর্তারা।
ইরাক সরকারকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ওবামা প্রশাসন। এই সহায়তার মধ্যে ড্রোন হামলা থাকতে পারে। তবে দেশটিতে আবার সেনা পাঠানোর কোনো পরিকল্পনা আপাতত যুক্তরাষ্ট্রের নেই।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি বলেছেন, ইরাকের চলমান পরিস্থিতি ‘খুব মারাত্মক’। জঙ্গিদের এই আগ্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ‘একটি শক্তিশালী ও সমন্বিত জবাব’ দেওয়ার উদ্যোগকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। ইরাক সরকারের সঙ্গে কাজ করে যেতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলেও জানান এই কর্মকর্তা।
প্রায় এক সপ্তাহ ধরে লড়াইয়ের পর গত মঙ্গলবার ইরাকের দ্বিতীয় বৃহত্তম মসুল শহর দখল করে আইএসআইএল।
মসুলের বাসিন্দারা জানিয়েছেন, শহরের বিভিন্ন ভবনে জিহাদি পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে। লাউড স্পিকারে জঙ্গিরা ঘোষণা দিচ্ছে, তারা শহরটিকে ‘স্বাধীন করতে এসেছে’।
আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক সংস্থা (আইএমও) জানায়, মসুল থেকে পাঁচ লাখের মতো লোক এরই মধ্যে পালিয়ে গেছে। বেশির ভাগ মানুষই পার্শ্ববর্তী কুর্দিস্তানের দিকে যাচ্ছে। সেখানে অস্থায়ী শিবির খুলেছে কর্তৃপক্ষ।
মসুলের দক্ষিণ-পূর্বে অবস্থিত কিরকুকের কাছে রাশাদসহ আরও কয়েকটি এলাকায় গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াইয়ের খবর পাওয়া গেছে।
এর ধারাবাহিকতায় সাদ্দাম হোসেনের শহর তিকরিত ও তেল শোধনের জন্য বিখ্যাত শহর বাজিরও দখল নিয়েছে জঙ্গি সংগঠনটি।
এর আগে জঙ্গিরা রামাদি ও ফালুজা শহরের নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে পূর্ব ও পশ্চিম সিরিয়া এবং মধ্য ইরাকের উল্লেখযোগ্য এলাকার নিয়ন্ত্রণ জঙ্গিদের হাতে। সুন্নি এই জঙ্গি সংগঠনের তিন থেকে পাঁচ হাজার যোদ্ধা রয়েছে। শিয়া প্রধানমন্ত্রী মালিকির সরকার ও সংখ্যালঘু সুন্নি সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের সুযোগে তারা একের পর এক শহর দখল করছে।
দেশটির প্রধানমন্ত্রী নুরি আল মালিকি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে টেলিভিশনে সম্প্রচারিত এক ঘোষণায় তিনি বলেছেন, নিরাপত্তা বাহিনীকে ‘সর্বোচ্চ সতর্ক’ অবস্থায় রাখা হয়েছে। পাশাপাশি তিনি পরিস্থিতি সামাল দিতে দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানান।
২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর আগ্রাসনে ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হোসেন উত্খাত হন। তখন থেকেই দেশটিতে সাম্প্রদায়িক ও জঙ্গিদের সহিংসতা চলছে।