জঙ্গিদের প্রশংসায় সাদ্দামের সহযোগী

ইরাকে সক্রিয় জঙ্গিদের ‘বীর’ বলে আখ্যায়িত করেছেন দেশটির প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ভাইস প্রেসিডেন্ট ইজ্জত ইব্রাহিম আল দৌরি।
আজ রোববার বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, অজ্ঞাত স্থান থেকে এক অডিও বার্তায় জঙ্গিদের প্রশংসা করেছেন দৌরি। অডিওটি গতকাল শনিবার প্রকাশিত হয়।
তবে অডিওটির যথার্থতা তাত্ক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি এএফপি।
সাদ্দামের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন দৌরি। ২০০৩ সালে ইঙ্গ-মার্কিন বাহিনীর ইরাক আগ্রাসনের সময় তিনি দেশটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সাদ্দাম সরকারের পতনের পর থেকে ইরাকি কর্তৃপক্ষ তাঁকে খুঁজছে।
প্রকাশিত অডিওটি ১৫ মিনিটের। বক্তব্য কর্কশ, কাঁপা-কাঁপা। এতে দৌরির দাবিদার ব্যক্তি ইরাকি জঙ্গিদের উদ্দেশ করে বলেন, ‘আমরা গর্বের সঙ্গে তাদের বিশেষ সালাম, শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।’
সম্প্রতি ইরাকের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল ও স্থাপনা দখল করে নিয়েছে সুন্নি জঙ্গিরা। এমনকি তারা নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় খেলাফত প্রতিষ্ঠারও ঘোষণা দিয়েছে। জঙ্গিদের ঠেকাতে ইরাকের বর্তমান সরকার কার্যত ব্যর্থ হয়েছে।