জঙ্গিদের ভয়ে ভেসে গেল সারার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানুষের জীবনে বিয়ে একবারই হয়। আর তাই বিয়ে নিয়ে আমারও অনেক স্বপ্ন ছিল। কল্পনায় ছিল, আমার বিয়ে হবে অনেক ধুমধাম করে। কিন্তু আমাকে বলা হলো, পরিস্থিতি এখন ভিন্ন। এই ভিন্ন পরিস্থিতির কারণে আমার সব কল্পনা-বাসনা ডুবে গেল। জঙ্গিদের ভয়ে বিয়েতে কোনো ধুমধাম হলো না।’ কথাগুলো বলছিলেন পাকিস্তানের পেশোয়ারের হায়তাবাদ এলাকার সারা কায়সার। গত ডিসেম্বরের প্রথম দিকে তিনি বিয়ে করেছেন।সারার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল একটি পার্কে, কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে শেষ পর্যন্ত অনুষ্ঠান হয় চার দেয়ালে ঘেরা একটি হলে। অতিথিদের তালিকাতেও কাটছাঁট করতে বাধ্য হয় তাঁর পরিবার। অনুষ্ঠানস্থল পাহারায় ছিল সশস্ত্র নিরাপত্তারক্ষীরা। মেহমানদের দেহও তল্লাশি করেন সেনাসদস্যরা। সারার বাবার ভাবনায় ছিল শুধু একটি বিষয়, বিয়ের অনুষ্ঠানের অতিথিরা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে।পাকিস্তানে তালেবান ও অন্যান্য জঙ্গিদের বোমা হামলার ঘটনা বেড়েই চলেছে। এই অবস্থায় সাধারণ মানুষের দিন কাটছে ভীতি ও আতঙ্কের রাজ্যে। দৈনন্দিন চলাফেরায় তারা যেমন শঙ্কিত থাকে, তেমনি বিভিন্ন আনুষ্ঠানিকতাও তারা এখন এড়িয়ে চলতে চায় পারতপক্ষে। কখন না আবার বোমায় সবকিছু উড়ে যায়।সারার বাবা সরকারি কর্মকর্তা কায়সার খান যেমন বললেন, ‘বোমা বিস্ফোরণ, আত্মঘাতী হামলা এমনকি সরাসরি হামলার ভয়ও ছিল। এ জন্য বিয়ের অনুষ্ঠান রাতে হওয়ার কথা থাকলেও পরে সেটা দিনেই নিয়ে আসা হয়। আর পার্কের পরিবর্তে অনুষ্ঠান হয় একটি হলরুমে। এ ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না।’তিনি বলেন, ‘আমার স্ত্রী কান্নাকাটি করতে শুরু করে, মেয়ের চোখেও পানি দেখেছি। কিন্তু কী আর করব বলুন? অত বড় ঝুঁকি নেওয়া সম্ভব ছিল না।’হায়াতাবাদের পাশেই আদিবাসী অধ্যুষিত খায়বার জেলা। তালেবান ও লস্কর-ই-ইসলামসহ অন্য জঙ্গিরা সেখানে তত্পর। গত বছর সেখানে সেনা পাঠায় সরকার।পেশোয়ারেও বোমা হামলা বৃদ্ধি পাচ্ছে। গত তিন মাসে সেখানে নিহত হয়েছে ২৮০ জনের বেশি। গত ২৮ অক্টোবর পেশোয়ারের একটি জনাকীর্ণ বাজারে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত হয় ১২৫ জন। এর পাঁচ দিন আগে খায়বার ও পেশোয়ারের উত্তরে মোহমান্দ জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে ভূমিমাইন বিস্ফোরণে মারা যায় ১৬ জন।সারার বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীদের নিয়েও ভয় ছিল। সাধারণত বরযাত্রী আসে ঢাকঢোল বাজিয়ে সজ্জিত গাড়িতে করে। কিন্তু বরযাত্রীদের আসতে হয়েছিল এমন একটি এলাকার মধ্য দিয়ে, যেখানে জঙ্গিরা তত্পর আর টহল দিচ্ছে সেনারা। ফলে ঢাকঢোল আর বাজানো হয়নি তাদের।বর জাভেদ খান বলেন, দারা আদম খেল এলাকার ওপর দিয়ে বরযাত্রী নিয়ে আসা একটি ভয়ংকর অভিজ্ঞতা। সেনারা প্রতিটি গাড়িতে এমনকি অতিথিদের জনে জনে দেহ তল্লাশি করে।বিয়ের আনুষ্ঠানিকতা শেষে অল্প বয়সী ছেলেমেয়েরা একটু গানবাজনা করতে চেয়েছিল। কিন্তু অভিভাবকেরা তাদের সতর্ক করে দিয়ে বলেন, ‘তোমরা জানো, জঙ্গিদের লক্ষ্য এখন প্রতিটি জায়গায়। কেন তোমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনতে চাইছ!’পেশোয়ারের একটি বিয়ের হলের মালিক খালিদ আইয়ুব জানান, লস্কর-ই-ইসলামের নেতা মঙ্গল বাঘ এবং অন্য তালেবান নেতারা তাঁদের হুঁশিয়ার করে দিয়েছে, বিয়ের অনুষ্ঠানে গানবাজনা করা যাবে না। সেটা ইসলাম বহির্ভূত।২৫ বছর বয়সী ছাত্র ফারান সাকির বলেন, ‘বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে আমি প্রায়ই যেতাম। কিন্তু গত চার মাসে আমি কোনো অনুষ্ঠানে যাই না। রাত নয়টার পর বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলেই বাবা-মা জানতে চান আমি কোথায় যাচ্ছি।’ বিবিসি অনলাইন।