বাগদাদের দিকে অগ্রসরমাণ সুন্নি যোদ্ধাদের রুখতে ইরাকিদের অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ শিয়া নেতা৷ তাঁর ডাকে বাগদাদের উত্তরে জড়ো হতে শুরু করেছেন শিয়াপন্থী স্বেচ্ছাসেবীরা৷ এদিকে বর্তমান পরিস্থিতিতে ইরাকে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, তা পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র৷ খবর এএফপি, বিবিসি ও আল-জাজিরার৷
সুন্নিপন্থী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দি লেভান্ট (আইএসআইএল) ফালুজা ও রামাদির পর সম্প্রতি মসুল ও তিকরিতসহ বিভিন্ন শহর থেকে সরকারি বাহিনীকে হটিয়ে দেয়৷ রাজধানী বাগদাদ দখলেরও হুমকি দিয়েছেন আল-কায়দার এই দলছুট শাখার যোদ্ধারা৷ জঙ্গিরা বৃহস্পতিবার রাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জালুলাহ ও সাইয়াদিয়াহ শহর অবরুদ্ধ করে রাখে৷
শুক্রবার জুমার নামাজের সময় আল-সিস্তানির বার্তাটি কারবালা শহরে পড়ে শোনান তাঁর একজন প্রতিনিধি৷ এতে বলা হয়, ‘নাগরিকদের মধ্যে যাঁরা অস্ত্র বহন ও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে সক্ষম, নিজেদের দেশ ও জনগণ এবং পবিত্র স্থানগুলোকে রক্ষা করতে আগ্রহী, তাঁদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগ দিয়ে এই পবিত্র লক্ষ্যে কাজ করা উচিত৷’
বয়োবৃদ্ধ সিস্তানি সচরাচর জনসমক্ষে না এলেও, তিনি বিশ্বের শিয়া সম্প্রদায়ের মধ্যে খুবই প্রভাবশালী৷ তিনি আবেদন জানানোর পর হাজার হাজার লোকের শিয়া মিলিশিয়া বাহিনীতে যোগ দেওয়ার খবর পাওয়া গেছে৷
এরই মধ্যে এক হাজারের মতো লোক বাগদাদের ৩০ কিলোমিটার উত্তরে তাজি শহরে একটি সেনা শিবিরে হাজির হয়েছেন বলে জানা গেছে৷ এক দিনের প্রশিক্ষণ নিয়ে তাঁরা ইরাকি বাহিনীর সঙ্গে জঙ্গিবিরোধী লড়াইয়ে অংশ নেবেন৷
বাগদাদ থেকে ১১০ মাইল উত্তরে অবস্থিত সামারা শহরের সামরিক কমান্ডারের দায়িত্বে থাকা একজন কর্নেল জানান, নিরাপত্তা বাহিনী বাগদাদের উত্তরে জঙ্গিদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে৷
ওবামার ঘোষণা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরাকে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, তা পর্যালোচনা করে দেখতে তিনি কয়েক দিন সময় নেবেন৷ তবে দেশটিতে মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করে দেন তিনি৷ তিনি সাংবাদিকদের বলেন, আইএসআইএল যে হুমকি সৃষ্টি করেছে, তা পরিণামে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্যও হুমকি হয়ে দাঁড়াতে পারে৷
ইরানের প্রেসিডেন্ট রুহানির ঘোষণা: ইরাকের প্রতিবেশী ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গত বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রী মালিকির সঙ্গে টেলিফোনে কথা বলেন৷ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ইরান কখনোই ‘ইরাকে সন্ত্রাসবাদ রপ্তানির মাধ্যমে দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা’ নষ্ট হতে দেবে না৷