জঙ্গিদের সন্তানদের হেফাজতে নিতে পারে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার যেসব নাগরিক বিদেশে জঙ্গি তৎপরতায় জড়িত রয়েনছে, তাঁদের সন্তানদের সরকারি হেফাজতে নিয়ে নেওয়া হতে পারে। অভিবাসন-মন্ত্রী পিটার ডাটন গতকাল বুধবার এ কথা বলেছেন। খবর বিবিসির।
সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন করার জন্য অস্ট্রেলীয়দের নাগরিকত্ব বাতিলের প্রস্তাব ঘোষণার পরদিনই এ খবর এল।
ইসলামিক স্টেটের (আইএস) একজন অস্ট্রেলীয় জঙ্গির স্ত্রী ও সন্তানেরা দেশে ফিরতে চান, এমন খবর সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, পাঁচ সন্তানকে নিয়ে আইএসের যোদ্ধা খালেদ শারুফের স্ত্রী টারা নেটলটন সিডনিতে ফেরার চেষ্টা করছেন।
পিটার ডাটন বলেন, সন্ত্রাসী মা-বাবার সন্তানদের বয়স বিবেচনায় নিয়ে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে। যেমন শিশু হলে তাদের রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হবে। কারণ, দেখা গেছে অনেকে শিশুসন্তানকে পরিত্যাগ করে জঙ্গি তৎপরতায় যোগ দিচ্ছে।
সরকারি হিসাব অনুযায়ী, অস্ট্রেলিয়ার অন্তত ১০০ জন নাগরিক মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী সংগঠনগুলোর পক্ষে কাজ করছেন। তাঁদের প্রায় অর্ধেকেরই দ্বৈত নাগরিকত্ব আছে।