জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি তালেবানকে সহায়তা দেওয়ার অভিযোগে দুই বছর কারাগারে কাটাতে হয়েছে হজরত গুলকে। এখন পাকিস্তানের সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি কেন্দ্রে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। আর প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে তালেবানের সাবেক সদর দপ্তর।একসময় পাকিস্তানের পাখতুন খাওয়া প্রদেশের সোয়াত উপত্যকা এলাকায় ছিল তালেবানের অন্যতম ঘাঁটি। তালেবান নিজস্ব আইনে বিভিন্ন অপরাধের জন্য সেখানে প্রকাশ্যে শিরশ্ছেদ করত, শাস্তি দিত। বেশ কিছুদিন আগে সেই সোয়াতেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি প্রশিক্ষণকেন্দ্র চালু করা হয়েছে। আগে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিল, সাজা ভোগ করা এমন ব্যক্তিদেরই এই কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো, ওই ব্যক্তিদের জঙ্গি সম্পৃক্ততা থেকে বের করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।সেনাবাহিনীর ওই প্রশিক্ষণকেন্দ্রে কম্পিউটার, কাঠমিস্ত্রির কাজ ও গাড়ি মেরামতের কাজ শেখানো হয়। নির্দিষ্ট পোশাক পরে হজরত গুলের মতো অনেকেই সেখানে প্রশিক্ষণ নেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র পাকিস্তানের এই বৃত্তিমূলক শিক্ষার উদ্যোগ নেওয়ার লক্ষ্য, গুলের মতো মানুষগুলোকে দেশটির কর্মজীবী নাগরিক হিসেবে গড়ে তোলা। তবে এই প্রশিক্ষণের সাফল্য নির্ভর করছে পাকিস্তান সরকারের সামর্থ্যের ওপর। আর এই সামর্থ্য হলো, প্রশিক্ষণ পাওয়া ব্যক্তিদের কর্মসংস্থানের বিষয়টি নিশ্চিত করা।৪২ বছর বয়সী গুল বলেন, ‘এই দেশে যদি আন্তরিক কোনো নেতৃত্ব আসে, তাহলে এই সমস্যার সমাধান আসবে। আজকের নেতৃত্ব এ ব্যাপারে আন্তরিক নয়। দেশের নেতৃত্ব আন্তরিক না হলে এই সমস্যা থেকেই যাবে।’ সোয়াত উপত্যকা থেকে ২০০৯ সালে জঙ্গিদের হটিয়ে দেয় পাকিস্তানের সেনাবাহিনী। এখন প্রশিক্ষণকেন্দ্র হিসেবে ব্যবহার করা ভবনটি ওই সময় নিজেদের সদর দপ্তর হিসেবে ব্যবহার করত তালেবান। এখন সেনাবাহিনী অবশ্য বুঝতে পেরেছে আসলে বুলেট ব্যবহার করে দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা সম্ভব নয়। তাই সেনাবাহিনীই গুলের মতো ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। তাদের মন থেকে ‘চরমপন্থামূলক চিন্তাভাবনা’ মুছে ফেলার জন্য সামরিক কর্মকর্তা, প্রশিক্ষক, প্রগতিশীল ধর্মীয় নেতা ও মনোবিদদের মাধ্যমে তিন মাসের এই প্রশিক্ষণ কোর্স করানো হচ্ছে।গুলের মতোই এই কেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছেন ২৮ বছর বয়সী মোহাম্মদ ইনাম। তিনি বলেন, ‘এখানে পরিবেশ খুব ভালো। শিক্ষকেরা আমাদের জন্য অনেক পরিশ্রম করেন। আমরা এই প্রশিক্ষণ শেষে ফিরে গিয়ে দেশ ও জাতির জন্য কাজ করব।’ রয়টার্স।