জঙ্গিদের হাতে যেতে পারে সিরিয়ার রাসায়নিক অস্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার চলমান সংঘাত আরও বাড়তে পারে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের হাতে থাকা রাসায়নিক অস্ত্রের নিয়ন্ত্রণও জঙ্গিরা নিয়ে নিতে পারে। গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই আশঙ্কা প্রকাশ করেছে। এদিকে ফ্রান্স সিরিয়ার ওপর আংশিক উড্ডয়ন নিষিদ্ধ অঞ্চল (নো ফ্লাই জোন) আরোপের বিষয়ে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, সিরিয়ায় এখনই কোনো অভিযান চালানো হবে না। তবে পেন্টাগন বলছে, সিরিয়ায় যেভাবে সংঘাত চলছে, তাতে সহিংসতার ঘটনা আরও বাড়তে পারে। একই সঙ্গে দামেস্ক রাসায়নিক অস্ত্রের ওপর নিয়ন্ত্রণ হারাতে পারে। এর আগেও মার্কিন সামরিক বাহিনী সিরিয়ার বৈরী সরকারের হাতে থাকা গণবিধ্বংসী অস্ত্রের খোঁজে অনুসন্ধান চালানোর পরিকল্পনা করেছিল। কারণ, সিরিয়ার সংঘাতপূর্ণ পরিস্থিতিতে এসব অস্ত্র জঙ্গিগোষ্ঠীর সদস্যদের হাতে অথবা ভঙ্গুর সরকারের মরিয়া সদস্যদের হাতে চলে যেতে পারে। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের চার্লস ব্লেয়ার বলেন, ‘সিরিয়ার বাস্তবতা একেবারেই ভিন্নতর। কারণ, অতীতে কখনোই গণবিধ্বংসী অস্ত্রের শক্তিধর কোনো দেশ গৃহযুদ্ধের মুখোমুখি হয়নি।’ব্লেয়ার বলেন, ২০০৩ সালে ইরাকে অভিযান চালানোর পর মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রচলিত স্পর্শকাতর মারণাস্ত্রের ঘাঁটি খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে। কাজেই এ ধরনের অভিজ্ঞতা সিরিয়ায় অভিযান চালানোর ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করেছে। আর সিরিয়ায় কোনো বিশ্বাসযোগ্য গোয়েন্দা সূত্র খুঁজে পাওয়াও কঠিন হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইঙ্গিত দিয়েছেন, সিরিয়ায় রাসায়নিক বা জীবাণু অস্ত্রের ব্যবহার দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন চালানোর বিষয়টিকে ত্বরান্বিত করতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘আমাদের কাছে সিরিয়ার সব রাসায়নিক অস্ত্রের গুদাম সম্পর্কে নিখুঁত তথ্য নেই। তবে আমরা এসব ঘাঁটিতে যথোপযুক্ত নজরদারি করতে পারি। আর এই মুহূর্তে সিরিয়ার সরকারের হাতে এসব ঘাঁটির নিয়ন্ত্রণ রয়েছে বলেই আপাতদৃষ্টিতে মনে হচ্ছে।’ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জ্যাঁ ইভস লো দ্রায়া বলেছেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নির্দেশনা অনুসারে সিরিয়ার আকাশে অংশিকভাবে নো ফ্লাই জোন আরোপ করা যেতে পারে।’ তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার আকাশে সর্বাত্মক নো ফ্লাই জোন আরোপ করার অর্থ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া। এ মাসের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আলেপ্পোর মতো সিরিয়ার বিধ্বস্ত শহরগুলোর আকাশে নো ফ্লাই জোন আরোপের বিষয়টি বিবেচনা করা উচিত।অন্যদিকে, গতকাল শুক্রবার লেবাননের ত্রিপোলি শহরে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সমর্থক এবং বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে গুলিতে শেখ খালেদ আল-বারাদি নামের একজন নিহত হয়েছেন। এ নিয়ে গত পাঁচ দিনে সেখানে সহিংসতায় ১২ জন নিহত হয়েছে। এ ছাড়া ৮৬ জন আহত হয়েছে। এএফপি।