জঙ্গিবাদ রুখতে মাদ্রিদে জাতিসংঘের বৈঠক শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের আয়োজনে স্পেনের মাদ্রিদ শহরে গতকাল সোমবার থেকে দুই দিনের বৈঠকে বসেছেন বিভিন্ন দেশের নিরাপত্তা বিশেষজ্ঞ ও মন্ত্রীরা। বৈঠকে কট্টরপন্থীদের বিদেশে পাড়ি জমিয়ে বিভিন্ন সশস্ত্র জঙ্গিগোষ্ঠীতে যোগদান বন্ধ করার উপায় নিয়ে আলোচনা হবে। খবর এএফপির।
স্পেনের সরকার জানিয়েছে, তারা আজ মঙ্গলবার জাতিসংঘের সন্ত্রাসবিরোধী কমিটির একটি বৈঠকে সভাপতিত্বও করবে। স্পেন বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। দেশটি ‘স্বদেশে বেড়ে ওঠা’ জঙ্গিদের বিরুদ্ধে ধরপাকড় চালিয়ে আসছে। এসব জঙ্গি ইরাক ও সিরিয়ায় গিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিচ্ছে বলে তাদের দাবি।
মাদ্রিদে দুই দিনের বৈঠকে অংশ নিচ্ছেন ৭০টি দেশের দুই শতাধিক বিশেষজ্ঞের পাশাপাশি ৩০ জন স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে মূলত দুটি বিষয় নিয়ে বিশদ আলোচনা হবে। এক, লোকজনকে কট্টরপন্থী হওয়া ও ‘বিদেশি সন্ত্রাসী যোদ্ধা’ (এফটিএফ) হতে বিদেশে পাড়ি জমানো বন্ধ করার উপায় বের করা। দুই, লড়াই শেষে ফিরে আসা জঙ্গিদের বিচার ও পুনর্বাসনের ব্যবস্থা করা।
জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, এসব বৈঠকের লক্ষ্য হচ্ছে, এফটিএফ হুমকি মোকাবিলায় সদস্য দেশগুলোর প্রচেষ্টায় সহায়তা করতে ‘একগুচ্ছ কৌশল ও পদ্ধতি’ প্রণয়ন করা। আর মাদ্রিদের এক বিবৃতিতে যোগ করা হয়েছে, এ ধরনের যোদ্ধারা ‘বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকির একটি’।
জাতিসংঘের সন্ত্রাসবিরোধী কমিটির নির্বাহী পরিচালক জ্যঁ-পল লাবর্দে বলেন, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা রুখতে দেশগুলোকে অবশ্যই দ্রুততার সঙ্গে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ করতে হবে।
কর্মকর্তাদের অনুমান, জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিতে ২৫ হাজার থেকে ৩১ হাজার জঙ্গি বিভিন্ন যুদ্ধক্ষেত্রের দিকে রওনা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও স্পেনের মতো ইউরোপীয় দেশগুলোর শত শত নাগরিকও। নির্বাহী পরিচালক লাবর্দে বলেন, তরুণ জনগোষ্ঠী কেন আইএসের দিকে ঝুঁকছে এবং কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায়, তা খতিয়ে দেখতে হবে দেশগুলোর নেতাদের।
কট্টরপন্থায় উদ্বুদ্ধ হওয়া এবং বিদেশে পাড়ি জমিয়ে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীতে যোগদান ঠেকাতে আগে থেকেই পদক্ষেপ নিয়ে আসছে জাতিসংঘ। এর মধ্যে ২০১৪ সালের সেপ্টেম্বরে নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব গ্রহণ করে, যেখানে জাতিসংঘের সদস্য দেশগুলোকে এমন ঘটনাগুলো এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। বিদেশে গিয়ে লড়াই করার পর এসব জঙ্গি নিজ নিজ দেশে ফিরে একই ধরনের সন্ত্রাসী তৎপরতা চালাতে পারে, এমন আশঙ্কা থেকে ওই আহ্বান জানানো হয়।