জঙ্গিবাদী ছবির প্রচার ঠেকাতে জোট গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদ উসকে দেয় এমন কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনে ছড়িয়ে পড়া ঠেকাতে একজোট হয়েছে প্রথম সারির চার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ফেসবুক, গুগল, টুইটার ও মাইক্রোসফট। সোমবার এই চার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, ইন্টারনেটে সন্ত্রাসবাদী তথ্য-উপাত্ত যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য যৌথভাবে কাজ করা হবে।
সন্ত্রাসবাদী প্রচারণা নিয়ন্ত্রণ করতে উন্নত প্রযুক্তির ব্যবহার এবং তথ্য আদান-প্রদান করা হবে বলেও জানিয়েছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জোট। তাদের প্রাথমিক পরিকল্পনা হচ্ছে, ভাগাভাগি করা যায় এমন একটি ডিজিটাল তথ্যভান্ডার তৈরি করা।
তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলো এক বিবৃতিতে বলেছে, গ্রাহকদের গোপনীয়তা রক্ষা করা তাদের একটি গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। তাঁরা স্বাধীনভাবে এবং নিরাপদে তাঁদের মতামত ব্যক্ত করতে পারবেন।
কিছুদিন ধরে চলমান ঘটনার পরিপ্রেক্ষিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসলামিক স্টেটের (আইএস) মতো বড় জঙ্গি দলসহ অন্য সন্ত্রাসী দলের কর্মকাণ্ড প্রচারে সহায়তার অভিযোগে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে ফেসবুক, টুইটার এবং গুগলের ইউটিউবকে। এ প্রশ্নও তোলা হয় যে যত তাড়াতাড়ি একটি আপত্তিকর অ্যাকাউন্ট ডিলিট করা যায়, ঠিক তত তাড়াতাড়ি একজন সন্ত্রাসীর অ্যাকাউন্ট চালু হয় কীভাবে?
টুইটার ২০১৫ সালের মাঝামাঝি থেকে বিভিন্ন অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে এ বছরের ফেব্রুয়ারিতে জানিয়েছিল, প্রায় ১ লাখ ২৫ হাজার অ্যাকাউন্ট বিভিন্ন চরমপন্থামূলক কর্মকাণ্ডে যুক্ত বলে সন্দেহ করা হয়। আগস্টে টুইটার জানায়, প্রায় ৩ লাখ ৬০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
জোটবদ্ধ কোম্পানিগুলো তাদের ভাষায় ‘ইউনিক ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট’ প্রযুক্তি ব্যবহার করবে, যার মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসীদের প্রচার করা ছবি ও ভিডিও শনাক্ত করা যাবে।