জঙ্গিবিরোধী অভিযানে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করলেন জিয়াবাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র সরকার জঙ্গিবিরোধী অভিযানে পাকিস্তান সরকারের ভূমিকার সমালোচনার চার দিনের মাথায় পাল্টা জবাব দিয়েছে ইসলামাবাদের অন্যতম মিত্র দেশ চীন। দেশটির প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও জঙ্গিবিরোধী অভিযানে পাকিস্তান সরকারের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, জঙ্গিবিরোধী অভিযানে পাকিস্তান সরকারের ভূমিকার স্বীকৃতি দেওয়া উচিত।তিন দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে চীনা প্রধানমন্ত্রী গতকাল রোববার পাকিস্তানের পার্লামেন্টে ভাষণদানকালে এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা চাই, দুই দেশের মধ্যে কৌশলগত ও ভ্রাতৃত্বসুলভ সম্পর্ক আরও জোরদার ও উন্নত হোক। দুই দেশের জনগণের স্বার্থে এই সম্পর্ক জরুরি।’ওয়েন জিয়াবাও বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার নেতৃত্বাধীন জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান সরকারের ভূমিকায় চীনা নেতারা খুশি। জঙ্গিবিরোধী এই অভিযানে ইসলামাবাদকে সমর্থন দিতে আন্তর্জাতিক সম্পদ্রায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তান সরকার যে ভূমিকা রেখেছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে তার স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসবাদ দমনে বিশেষ কোনো অঞ্চলকে গুরুত্ব দেওয়া উচিত নয়। সন্ত্রাসবাদ দমনে এর মূলোৎপাটন করতে হবে।গত পাঁচ বছরের মধ্যে কোনো চীনা প্রধানমন্ত্রীর এটাই ছিল প্রথম পাকিস্তান সফর। এ সফরকালে ওয়েন জিয়াবাও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে বৈঠক করেন। তাঁর এ সফরকালে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে চীন সরকার পাকিস্তানে তিন হাজার কোটি ডলার বিনিয়োগ করবে বলে আশা করা হচ্ছে।আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তান ভূখণ্ডে জঙ্গিরা অভয়ারণ্য তৈরি করেছে বলে যুক্তরাষ্ট্র সরকার অভিযোগ করেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস গত বৃহস্পতিবার বলেন, জঙ্গিদের এই তৎপরতা ঠেকাতে পাকিস্তান সরকারের আরও ভূমিকা নেওয়া উচিত। এপি ও রয়টার্স।