জঙ্গিবিরোধী অভিযানের আগে আফগান সীমান্ত বন্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিবাদী হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান চালানোর আগে মার্কিন বাহিনীকে অবশ্যই আফগান সীমান্ত বন্ধ করে নিতে হবে। গতকাল শনিবার ওয়াশিংটনকে এ কথা জানিয়েছেন ইসলামাবাদের একজন কর্মকর্তা। আল-কায়েদার সঙ্গে যুক্ত হাক্কানি নেটওয়ার্ককে আফগানিস্তানে চালানো বেশ কিছু ভয়াবহ হামলার জন্য দায়ী করা হয়। সংগঠনটির নেতারা পাকিস্তানের দুর্গম উত্তর ওয়াজিরিস্তানে বসে কার্যক্রম পরিচালনা করেন বলে মনে করা হয়। ইসলামাবাদ ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হওয়ার যতগুলো কারণ রয়েছে, তার মধ্যে হাক্কানি প্রসঙ্গটি অন্যতম।পাকিস্তানের নিরাপত্তাবিষয়ক একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘মার্কিনিদের বারবার করে বলা হয়েছে, উত্তর ওয়াজিরিস্তানে অভিযান চালাতে হলে তাদের আফগান সীমান্ত বন্ধ করে নিতে হবে।’ এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, পাহাড়ি ওই সীমান্তে অনেক ফাঁকফোকর রয়েছে। সেগুলো বন্ধ করা না হলে অভিযানের সময় জঙ্গিরা আফগানিস্তানের ভেতরে পালিয়ে যেতে পারে, যেখানে পাকিস্তানের কোনো অধিকার নেই। ওই কর্মকর্তা দাবি করেন, এই বিষয়ে মার্কিনিদের কখনোই উৎসাহ দেখা যায়নি। গত ৩ আগস্ট দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান ও পাকিস্তানে হাক্কানি ও তালেবানের বিরুদ্ধে যৌথ সন্ত্রাসবিরোধী অভিযানের বিষয়টি বিবেচনা করছেন পাকিস্তানি ও মার্কিন কর্মকর্তারা। পত্রিকাটি জানায়, দীর্ঘদিন ধরে তিক্ত সম্পর্কের পর দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে ওই যৌথ অভিযান হবে তাৎপর্যপূর্ণ।অবশ্য পাকিস্তানি কর্মকর্তারা পরে ওই খবর অস্বীকার করেছেন। এএফপি।