জঙ্গিবিরোধী যৌথ অভিযানে একমত যুক্তরাষ্ট্র ও পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও পাকিস্তান ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে পুনরায় যৌথ গোয়েন্দা অভিযান শুরু করতে একমত হয়েছে। গতকাল শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহমিনা জানজুয়া সাংবাদিকদের এ কথা জানান। দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ফেরানোর প্রথম পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান থেকে উল্লেখযোগ্যসংখ্যক সেনা কমিয়ে আনবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ প্রধান অ্যাডমিরাল মাইক মুলেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহমিনা জানজুয়া বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যৌথ অভিযান চালানো হবে, তা হতে পারে গোয়েন্দা তথ্য বিনিময়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পাকিস্তানে সক্রিয় জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নিতে দেশটির বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করার এক সপ্তাহ পর ইসলামাবাদ থেকে এ ঘোষণা দেওয়া হয়।পাকিস্তানি সেনাদের সঙ্গে মার্কিন সেনাদের অভিযান চালাতে দেওয়া হবে কি না, এ প্রশ্নের জবাবে তাহমিনা জানজুয়া বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন, ‘সার্বভৌমত্বের বিষয়টি অবশ্যই আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়। আলোচনার মাধ্যমে সবকিছু করা হবে।’গত সপ্তাহে হিলারি ক্লিনটনের ইসলামাবাদ সফরের সময় তাঁর এক সফরসঙ্গী ওই সময় আভাস দিয়েছিলেন, পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডে তৎপর জঙ্গিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হতে পারে।২০০১ সালের পর পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের যৌথ গোয়েন্দা অভিযানে আল-কায়েদা ও তালেবানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেপ্তার করা হয়।এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষপর্যায়ের একজন সামরিক কর্মকর্তা বলেন, পাকিস্তান থেকে মার্কিন সেনাসদস্য উল্লেখযোগ্য হারে কমানো হবে।অ্যাডমিরাল মাইক মুলেন বলেন, কিছু মার্কিন সেনা পাকিস্তানে থাকবে। তাদের বেশির ভাগই প্রশিক্ষক।গত মাসে মার্কিন বিশেষ অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর পাকিস্তানে মোতায়েন মার্কিন সেনাসংখ্যা কমাতে বলে পাকিস্তান।বিন লাদেনকে হত্যার আগে পাকিস্তানে প্রায় ২০০ মার্কিন সেনা ছিল। তাদের বেশির ভাগই পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণে সহায়তা করছিল। রয়টার্স ও বিবিসি।