জড়িত বলে সন্দেহভাজন পাঁচজনই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ ধর্ষণে জড়িত সন্দেহভাজন একজনকে (মাঝে) আদালত থেকে নিয়ে যাচ্ছে ষ এএফপি
পুলিশ ধর্ষণে জড়িত সন্দেহভাজন একজনকে (মাঝে) আদালত থেকে নিয়ে যাচ্ছে ষ এএফপি

ভারতের মুম্বাইয়ে ফটোসাংবাদিক ধর্ষণের ঘটনায় জড়িত বলে সন্দেহভাজন পাঁচজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। শুক্রবার একজন, শনিবার তিনজন এবং গতকাল রোববার পঞ্চম ব্যক্তি গ্রেপ্তার হন।
মুম্বাইয়ের লোয়ার প্যারোল এলাকার একটি পরিত্যক্ত বস্ত্র কারখানার ছবি তুলতে গিয়ে গত বৃহস্পতিবার ধর্ষণের শিকার হন একটি ইংরেজি সাময়িকীতে কর্মরত ওই নারী। এ সময় তাঁর সঙ্গে থাকা এক পুরুষ সহকর্মীও ধর্ষকদের মারধরের শিকার হন।
মুম্বাই পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গণধর্ষণের ঘটনায় সন্দেহভাজন চতুর্থ ব্যক্তি কাশেম বাঙ্গালীকে শনিবার রাতে মুম্বাই থেকে এবং পঞ্চম ব্যক্তি সেলিম আনসারিকে গতকাল রোববার দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার সকালে বিজয় মোহন যাদব এবং সন্ধ্যায় সিরাজ রহমান নামে আরেকজন মুম্বাইয়ের মহালক্ষ্মী এলাকা থেকে গ্রেপ্তার হন। চাঁদ বাবু সাত্তার শেখ ওরফে মোহাম্মদ আবদুলকে গ্রেপ্তার করা হয় ঘটনার পরদিন শুক্রবারই।
পুলিশ বলেছে, গ্রেপ্তার হওয়া যাদব জানিয়েছেন ঘটনার দিন তিনি মাদকাসক্ত সেলিমকে সঙ্গে নিয়ে ধূমপানের জন্য শক্তি মিলসের পরিত্যক্ত ভবনে যাচ্ছিলেন। পথে ওই দুই ফটোসাংবাদিকের সঙ্গে দেখা হলে তাঁরা কারখানাটির অবস্থান জানতে চান। সেলিম তাঁদের পথ দেখিয়ে দেন এবং একটু পরেই কাশেমকে ফোন করে সিরাজ ও আবদুলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসতে বলেন। সবাই একত্র হলে তাঁরা পরিত্যক্ত কারখানায় গিয়ে ওই এলাকায় ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ড নিয়ে দুই ফটোসাংবাদিকের সঙ্গে আলাপ শুরু করেন। একপর্যায়ে তাঁদের একজন একটি বোতল ভেঙে এর ধারালো দিকটি নারী সাংবাদিকের গলায় ধরে তাঁকে জিম্মি করে ফেলেন। অন্যরা তাঁর পুরুষ সহকর্মীকে জাপটে ধরেন। এরপর তাঁরা একে একে ওই সাংবাদিককে ধর্ষণ করেন।
অনুশোচনার লক্ষণ নেই!: পুলিশ জানিয়েছে, এত বড় অপরাধের পরও ওই পাঁচ ব্যক্তি এমন আচরণ করেছেন, যেন কিছুই ঘটেনি। ঘটনার পর রাতে তাঁরা সবাই যাদবের বাসায় ঘুমান। পুলিশ খুঁজছে জানতে পেরে পরদিন সকালেতিনজন পালিয়ে গেলেও সিরাজ এবং যাদব সারা দিন একসঙ্গেই ছিলেন। সন্ধ্যায় যাদব একটি ভিডিওর দোকানে যান এবং সিনেমা দেখেন।
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা: এদিকে মহারাষ্ট্রে গত বৃহস্পতিবার ১১ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পুনা শহরের ১০০ কিলোমিটার দূরের এক গ্রামের এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানায়,পঞ্চম শ্রেণীতে পড়া মেয়েটিকে প্রতিদিন তার বাবা স্কুল থেকে নিয়ে আসতেন। তবে বৃহস্পতিবার তিনি না যাওয়ায় মেয়েটি একাই হেঁটে বাড়ি যাচ্ছিল। পথে ২২ বছর বয়সী এক যুবক তাকে পাশের একটি আখখেতে নিয়ে ধর্ষণ এবং তারপর শ্বাসরোধ করে হত্যা করেন। পিটিআই, এনডিটিভি।