জন কেরিই হচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন সিনেটর জন কেরি। প্রেসিডেন্ট বারাক ওবামা ইতিমধ্যে তাঁকেই হিলারি ক্লিনটনের স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী সপ্তাহে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হতে পারে।জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সম্ভাব্য নামের তালিকা থেকে তাঁর নাম প্রত্যাহার করে নেন। এতে কেরির পরবর্তী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পথ অনেকটাই মসৃণ হয়।কেরি ২০০৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে রিপাবলিকান পার্টির জর্জ ডব্লিউ বুশের কাছে হেরে যান তিনি। বর্তমানে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নির্বাচিত সিনেটর কেরি। পাশাপাশি সিনেটে বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ কমিটির চেয়ারম্যান হিসেবে, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ধরে রাখাকে তাঁর অন্যতম সাফল্য হিসেবে দেখা হয়। কারণ, আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যাসহ আরও বেশ কয়েকটি ঘটনায় পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে ব্যাপক টানাপোড়েন শুরু হয়। বিষয়টি দক্ষতার সঙ্গে সামাল দেন কেরি। এ ছাড়া তিনি ওবামা প্রশাসনের প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে কাজ করেন।ডেমোক্রেটিক পার্টির জ্যেষ্ঠ নেতা কেরির অভিজ্ঞতা, জ্ঞান ও সম্পর্ক গড়ার দক্ষতা তাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সফলতা এনে দেবে বলে আশা করা হচ্ছে। সিএনএন।