জনগণকে রাস্তায় নামার আহ্বান মিসরের সেনাপ্রধানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সন্ত্রাস ও সহিংসতা দমনে’ তাঁকে সমর্থন দিতে জনগণকে কাল শুক্রবার রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন মিসরের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি। অব্যাহত সহিংসতার মধ্যে গতকাল বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে এ আহ্বান জানান তিনি। গত তিন দিনে মিসরে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ভাষণে সেনাপ্রধান সিসি বলেন, ‘সন্ত্রাস ও সহিংসতা দমনের লড়াইয়ে আমাকে সমর্থন দিতে শুক্রবার মিসরের সম্মানিত নাগরিকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানাচ্ছি।’মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও বিরোধীদের মধ্যে গত সোমবার থেকে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে গতকাল পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। সোমবার মুরসির পরিবারের সদস্যরা সেনাবাহিনীর বিরুদ্ধে মামলার হুমকি দিলে নতুন করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উভয় পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে মতামত প্রকাশের আহ্বান জানানো হয়। সেই সঙ্গে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়, বিশৃঙ্খলা সৃষ্টিসহ বেআইনি কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।গতকাল কায়রোতে পুলিশের গুলিতে মুরসির দুজন সমর্থক নিহত হন বলে মুসলিম ব্রাদারহুড দাবি করেছে। এ ছাড়া একই দিন মানসুরা শহরে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন আরও একজন। গত মঙ্গলবার সকালে কায়রো বিশ্ববিদ্যালয়ের কাছে মুরসি-সমর্থকদের ওপর বিরোধীরা হামলা চালায়। এ সময় অন্তত নয়জন নিহত হন। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর আগের দিন সংঘর্ষে নিহত হন চারজন। বিশ্ববিদ্যালয়ের কাছে আল-নাহদা এলাকায় সংঘর্ষ চলাকালে অন্তত ১৬ গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। একটি থানায় গ্রেনেড হামলায় পুলিশের অন্তত আট সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।সোমবার এক সংবাদ সম্মেলনে মুরসির পরিবারের সদস্যরা বলেন, নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে সেনাবাহিনী ৩ জুলাই ‘অপহরণ’ করেছে। এ ঘটনায় সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা করা হবে।দেশটির সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মুরসির মঙ্গলের জন্যই তাঁকে ‘নিরাপদ স্থানে’ রাখা হয়েছে। এদিকে প্রভাবশালী উপসাগরীয় দেশ কাতার গতকাল এক বিবৃতিতে মুরসিকে মুক্তি দেওয়ার জন্য মিসরের অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছে। এর আগে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জার্মানি একই আহ্বান জানায়।ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার বলেছেন, মিসর এখন ক্ষমতা বদলের প্রান্তে রয়েছে। গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের কাছে এ ক্ষমতা হস্তান্তর করতে হবে। এএফপি ও বিবিসি।