জনগণের ওপর হামলা বন্ধ না হলে ভয়াবহ পরিণতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সাধারণ জনগণের ওপর হামলা বন্ধ না হলে ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে।হিলারি বলেন, ‘যাঁরা আদেশ দিচ্ছেন এবং যাঁরা আদেশ প্রতিপালন করছেন, তাঁদের সবার প্রতি আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার, আর তা হলো নিজ দেশের নাগরিকদের হত্যা বন্ধ করুন, নয়তো আপনারা ভয়াবহ পরিণতির মুখোমুখি হবেন।’গতকাল রোববার তুরস্কের ইস্তাম্বুলে ফ্রেন্ডস অব সিরিয়ার দ্বিতীয় সম্মেলনে হিলারি এসব কথা বলেন। সিরিয়ায় সরকারবিরোধীদের সহযোগিতা এবং এক বছরেরও বেশি সময় ধরে চলা সহিংস রক্তপাত বন্ধে কার্যকর উপায় খুঁজে বের করতে এ সম্মেলনের আয়োজন করা হয়। বেশ কিছু ইউরোপীয় দেশ, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশের ৮০ জনেরও বেশি প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেন।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার বিদ্রোহীদের সহযোগিতার পাশাপাশি দেশটির ওপর কঠিন নিষেধাজ্ঞা আরোপের কথা বলেন। তিনি জানান, ওয়াশিংটন সিরিয়ার বিরোধীদের (বেসামরিক) সংগঠিত, সেনাবাহিনীর হামলা কৌশলে এড়ানো এবং বাইরের বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনে যোগাযোগ-সরঞ্জাম দেবে। হিলারি বলেন, ‘আমরা আমাদের আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে আলোচনা করছি কীভাবে এ সহায়তার বিষয়টি সর্বোচ্চ সম্প্রসারণ করা যায়।’ হিলারি বলেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনানের ছয় দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেওয়া সত্ত্বেও আসাদ নতুন করে সিরিয়ার বিভিন্ন শহরে সামরিক হামলা শুরু করেছেন। এমনকি মানবিক সহায়তাদানকারী ত্রাণ বিতরণ কার্যক্রমেও বাধা সৃষ্টি করছেন।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিশ্রুতি ঘোষণার পর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেছে। আমরা এই উপসংহারে পৌঁছেছি যে, আসাদ সরকার তার প্রতিশ্রুতি ভঙ্গের তালিকা দীর্ঘ করে চলেছে।’ তিনি বলেন, একটি গণতান্ত্রিক এবং বহুত্ববাদী সিরিয়ার ভবিষ্যৎ বিনির্মাণে সরকারবিরোধীদের প্রচেষ্টাকে সহযোগিতা করা প্রয়োজন।হিলারি সম্মেলনে ঘোষণা দেন, সিরিয়ার জনগণের জন্য যুক্তরাষ্ট্র অতিরিক্ত আরও এক কোটি ২০ লাখ ডলার মানবিক সহায়তা দেবে।এদিকে ফ্রেন্ডস অব সিরিয়া সম্মেলনে অংশ নিয়ে ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি বলেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন হবে না। তিনি বলেন, শক্তি প্রয়োগের মাধ্যমে বাশার সরকারের পতন ঘটানোর প্রচেষ্টা নেওয়া হলে এ অঞ্চলে সংকট দেখা দেবে।মালিকি বলেন, ‘বর্তমান অবস্থা এক বছর ধরে চললেও সরকারের পতন হয়নি এবং পতন হবেও না। কেন সরকারের পতন ঘটবে?’ তিনি বলেন, ‘আমরা সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দেওয়া এবং জোর করে সরকার উৎখাতের বিষয়টি প্রত্যাখ্যান করি। এটি করা হলে এই অঞ্চলে আরও বড় সংকট সৃষ্টি করবে।’অপরদিকে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেন, দামেস্ক সরকার বিদ্রোহীদের ওপর যে রক্তক্ষয়ী দমন-পীড়ন চালাচ্ছে, জাতিসংঘ যদি এর অবসান ঘটাতে না পারে, তাহলে আন্তর্জাতিক সমপ্রদায়ের উচিত সিরিয়ার নাগরিকদের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানানো। বিবিসি, এএফপি, জিনিউজ।