জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি: কারজাই
আফগান জনগণের নিরাপত্তা দিতে সরকার ও সামরিক জোট ন্যাটোর ব্যর্থতার কথা স্বীকার করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। দেশটির ক্ষমতা থেকে তালেবান সরকারকে হটানোর ১০ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারে কারজাই অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে কথা বলেন। জঙ্গিদের মদদ দেওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। নিজে ২০১৪ সালে ক্ষমতা ছেড়ে দেওয়ারও অঙ্গীকার করেন। ন্যাটো নেতৃত্বাধীন জোট আফগানিস্তানে মূল লক্ষ্য অর্জন থেকে এখনো বহু দূরে রয়েছে—দেশটিতে নিযুক্ত আন্তর্জাতিক বাহিনীর সাবেক প্রধান জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টালের এমন মন্তব্যের পর প্রেসিডেন্ট কারজাই জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থতার কথা স্বীকার করলেন। প্রেসিডেন্ট কারজাই বলেন, ‘আমরা আফগান জনগণের নিরাপত্তা দিতে প্রায় পুরোপুরি ব্যর্থ হয়েছি। এটি সরকার ও আমাদের আন্তর্জাতিক বন্ধুদের বড় ধরনের ব্যর্থতা।’৯/১১-এর পর আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে আটক করতে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী ২০০১ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে অভিযান শুরু করে। ডিসেম্বরে দেশটির তৎকালীন তালেবান সরকারের পতন হয়। এর পর থেকে দেশটির ক্ষমতায় আছেন বর্তমান প্রেসিডেন্ট কারজাই।এরপর ১০ বছর পার হলেও আফগানিস্তানে সক্রিয় রয়েছে তালেবান ও তার মিত্র বলে পরিচিত বিভিন্ন জঙ্গি সংগঠন। সম্প্রতি তাদের হামলা বেড়ে গেছে। জঙ্গিরা দেশটির রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে। সম্প্রতি আফগান শান্তিবিষয়ক দূত ও দেশটির সাবেক প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রাব্বানি সন্ত্রাসী হামলায় নিহত হন।আফগান প্রেসিডেন্ট বলেন, তালেবান এখনো এমন ভয়াবহ হামলা চালানোর সামর্থ্য রাখে, যা আমাদের বড় ধরনের ব্যর্থতা। তবে এসব হামলায় পাকিস্তানের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেন তিনি। কারজাই বলেন, ‘এটা নিশ্চিত যে এমন হামলা চালানোর একক ক্ষমতা তালেবানের নেই। পাকিস্তানের সহায়তা ছাড়া তা কোনোভাবেই সম্ভব নয়।’ তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর আগ্রহ রয়েছে। কিন্তু পাকিস্তানে তালেবান ও অন্য জঙ্গিদের দমনে আফগান প্রশাসনের সঙ্গে কাজ না করলে তা সম্ভব নয়। পাকিস্তান অবশ্য জঙ্গিদের কোনো ধরনের সহায়তা দেওয়ার কথা বার বার অস্বীকার করে আসছে। আফগানিস্তানে ন্যাটো সেনাদের সরাসরি অভিযানে অংশ নেওয়া কমিয়ে দেওয়া হয়েছে। ২০১৪ সালের মধ্যে সরাসরি অভিযানে অংশ নেওয়া বন্ধ করার কথা। ওই বছরই প্রেসিডেন্ট পদ ছেড়ে দেওয়ার কথা কারজাইয়ের। এ প্রসঙ্গে কারজাই বলেন, তিনি এরই মধ্যে তাঁর উত্তরসূরি খুঁজে বের করার কাজ শুরু করেছেন।কারজাইয়ের দেহরক্ষীকে আটক করা হয়নি: আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) চলতি সপ্তাহে জানায়, প্রেসিডেন্ট কারজাইকে হত্যার ষড়যন্ত্রে জড়িত অভিযোগে প্রেসিডেন্টের একজন দেহরক্ষীসহ ছয়জনকে আটক করা হয়েছে। আল কায়েদা এই ষড়যন্ত্র করে।তবে গতকাল শনিবার জানানো হয়, প্রেসিডেন্টের দেহরক্ষীকে আটক করা হয়নি। মুহিবুল্লাহ আহমাদি নামের ওই দেহরক্ষীকে ‘প্রেসিডেন্টের প্রাসাদের বাইরে’ দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাসাদ চত্বরে তাঁর প্রবেশাধিকার প্রত্যাহার করা হয়েছে। বিবিসি, এএফপি।