জনগণের স্বার্থেও রাষ্ট্র পরিচালনা করা সম্ভব: লুইস
ক্ষমতার আট বছরে অর্জিত সফলতায় সন্তোষ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা। তিনি বলেছেন, ক্ষমতায় থাকাকালে তিনি এটা প্রমাণ করতে পেরেছেন—কেবল সমৃদ্ধির জন্য নয়, ব্রাজিলের জনগণের স্বার্থেও রাষ্ট্র পরিচালনা করা সম্ভব। সফলতার সঙ্গে টানা দুই মেয়াদ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার পর আগামী ১ জানুয়ারি লুইস সিলভা নবনির্বাচিত প্রেসিডেন্ট দিলমা হুসেফের কাছে ক্ষমতা হস্তান্তর করছেন। তিনি দেশবাসীকে নতুন প্রেসিডেন্টকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। বড়দিন উপলক্ষে জাতির উদ্দেশে গত বৃহস্পতিবার টেলিভিশনে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট সিলভা। সেখানে আবেগঘন কণ্ঠে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ব্রাজিলীয়রা আজ অনেক বেশি তাঁদের দেশ ও নিজেদের নিয়ে বিশ্বাসী। এটা আমাদের সবার জন্য বিশাল বিজয়।’ টেলিভিশনে দেওয়া এই ভাষণে সিলভা তাঁর দুই আমলের কিছু গুরুত্বপূর্ণ অর্জনের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে দারিদ্র্য দূরীকরণ, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়ন ও বনায়ন ধ্বংসের হার হ্রাস করা। এ ছাড়া আরও কিছু বড় প্রকল্পের কথা উল্লেখ করেন। এগুলোর মধ্যে রয়েছে, জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও সমুদ্রে তেলক্ষেত্র আবিষ্কার। তিনি বলেন, এসব অর্জন ব্রাজিলের ইতিহাস পাল্টে দেবে। বিবিসি।