জনতার দরবার বাতিল করলেন কেজরিওয়াল
নিজের নেওয়া সিদ্ধান্ত নিজেই বাতিল করলেন ভারতের চমক দেখানো রাজনৈতিক দল আম আদমি পার্টির (এএপি) প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতকাল সোমবার তিনি জানিয়ে দিলেন, পূর্বঘোষণা মতো প্রতি সপ্তাহে নিয়ম করে জনতা দরবারের আয়োজন আর করা হবে না।
মুখ্যমন্ত্রী হওয়ার পর জনতার অভাব-অভিযোগ শুনে প্রতিকারের চেষ্টায় জনতা দরবারের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলেন কেজরিওয়াল। গত শনিবার সেই দরবার ভিড়ের চাপে বানচাল করে দিতে হয়। তার পরই এল এ ঘোষণা। দিল্লির সচিবালয়ের সামনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার বাসনা নিয়ে হাজার হাজার মানুষ চলে আসায় বিপত্তির সৃষ্টি হয়। ভিড়ের চাপে এবং অব্যবস্থায় পদপৃষ্ঠ হওয়ার জোগাড় হয়। কোনো রকমে পালিয়ে বাঁচেন মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। এর পরেই গতকাল মুখ্যমন্ত্রী জানান, অভাব-অভিযোগ শুনতে তাঁর সরকার নতুন পদ্ধতি দুই-এক দিনের মধ্যেই জানিয়ে দেবে। অভিযোগ জানাতে তাঁর কাছে সশরীরের আসার কোনো দরকার হবে না। এ জন্য তিনি একটি পৃথক সেল বা কল সেন্টার খুলবেন। সেখানে ফোনে অভিযোগ দাখিল করা যাবে। সচিবালয়ের সামনে লিখিত অভিযোগ রাখার জন্য একটি বাক্সও স্থাপন করা হবে। তা ছাড়া অনলাইনেও অভিযোগ করা যাবে। কেজরিওয়াল গতকাল বলেন, বহু মানুষ নানা বিষয়ের প্রতিকারের আশায় দূর-দূরান্ত থেকে তাঁর সঙ্গে দেখা করতে আসে। সবার সঙ্গে দেখা করাও সম্ভব হয় না। তাই নতুন ব্যবস্থার উদ্ভাবন। তবে, অভিযোগ না থাকলেও অনেকে তাঁর সঙ্গে কথা বলতে আগ্রহী। এসব মানুষের সঙ্গে ভাবের আদান-প্রদানে সপ্তাহে একদিন দুই-তিন ঘণ্টার জন্য তিনি মিলিত হবেন।