জনতার ভিড়ে প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শি জিনপিং
শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল মঙ্গলবার আকস্মিক মধ্য বেইজিং সফর করেছেন। কয়েক মুহূর্তের জন্য জনতার সঙ্গে মিশে যান তিনি। রাস্তার পাশে দোকানের ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের সঙ্গে কথা বলেন। আর এ ঘটনায় সাধারণ নাগরিকেরা বিস্ময়ে হতবাক প্রায়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও তাঁর প্রশংসায় পঞ্চমুখ।

কারণ, চীনে প্রেসিডেন্ট তো দূরে থাক, শীর্ষ রাজনীতিকদের সঙ্গে রাজপথে হুট করে জনতার ভিড়ে দেখা মেলা বিরল ঘটনা। এমনকি নেতাদের জন্মদিন কিংবা পারিবারিক ইতিহাস জনসমক্ষে প্রকাশ করা হয় না। সেখানে প্রেসিডেন্ট জিনপিং কিনা রাজপথে নেমে এসেছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে আমজনতার সঙ্গে কথা বলেন।

এক ভিডিওচিত্রে দেখা যায়, জিনপিং কাছে গেলে পথচারীসহ অন্যরা করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান। কেউ কেউ এই স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে ক্যামেরায় কিংবা মুঠোফোনে মুহুর্মুহু ছবি তোলেন।

মধ্য বেইজিংয়ের রাস্তায় বেশির ভাগ সময়ই চীনের তরুণ-তরুণীরা দেশের ঐতিহ্যবাহী খাবার ও কাপড়চোপড় বিক্রি করেন। সেখানে বিদেশি পর্যটকদের বেশ আনাগোনা। এসবের ভিড়ে খোদ প্রেসিডেন্ট।

গত বছরের ডিসেম্বরেও একবার জিনপিং রাস্তার পাশে দোকান থেকে খাবার কিনেছিলেন, নিজ হাতে ওই খাবারের ট্রে বহন করেছিলেন। ক্রেতাদের সঙ্গে খুশিমনে কথাও বলেন তিনি। রয়টার্স।