জননেতা থেকে কয়েদি নম্বর ৩৩১২
বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময়ও সরকারি বাসভবনে মহিষের দুধ দোহাতেন আদুল গায়ের লালু প্রসাদ যাদব। স্ত্রী রাবরি দেবীর নিজের হাতে বানানো রুটি খেতেন। রিকশায় চড়তেন। তিনি পথে পথে ঘুরে বেড়ানো একজন গণমানুষের রাজনীতিক।
সত্তরের দশকের ছাত্রনেতা লালু দ্রুতই ভারতের সবচেয়ে পরিচিত রাজনীতিবিদদের তালিকায় স্থান করে নিয়েছিলেন। খুব কম আঞ্চলিক নেতাই তাঁর মতো ভারতজুড়ে আবেদন সৃষ্টি করতে পেরেছেন।
১৯৪৮ সালে এক কৃষক পরিবারে জন্ম লালুর। ১৯৭৭ সালে মাত্র ২৯ বছর বয়সে লোকসভার সদস্য নির্বাচিত হন। এর মধ্য দিয়ে শুরু হয় তাঁর ঘটনাবহুল নতুন এক জীবন। লোকসভার সদস্য হওয়ার মাত্র ১৩ বছরের মাথায় বিহারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন লালু। ক্রমে বিহার আর লালু প্রায় সমার্থক হয়ে ওঠে। ১৯৯৬ সালে পশুখাদ্য কেলেঙ্কারির অভিযোগ উঠলে স্ত্রী রাবরি দেবীকে মুখ্যমন্ত্রী নিয়োগ দিয়ে পদত্যাগ করেন তিনি।
১৯৯৭ সালে জনতা দল থেকে বেরিয়ে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) গঠন করেন লালু। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারে রেলমন্ত্রীরও দায়িত্ব পালন করেন।
সহজেই সবার সঙ্গে মিশে যাওয়ার গুণে ছাত্রজীবনেই রাজনীতিতে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন লালু। সোনিয়া গান্ধীকে ‘বিদেশিনী’ আখ্যা দিয়ে শুরু হওয়া বিতর্কে তাঁর অন্যতম সমর্থক ছিলেন লালু। এটি তাঁর ইউপিএ জোটে যোগ দেওয়া ও কেন্দ্রীয় রেলমন্ত্রী হওয়ার পথ সুগম করে। তবে এর পেছনে বিহারে তাঁর জনপ্রিয়তাই ছিল মূল নিয়ামক।
রাঁচির কারাগারে বন্দী লালুর কয়েদি নম্বর ৩৩১২। আইএএনএস ও টাইমস অব ইন্ডিয়া।