
ভারতের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির জনপ্রিয়তা কমেছে। জনপ্রিয়তা কমেছে তাঁর দল বিজেপির নেতৃত্বাধীন জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চারও (এনডিএ)। তবে ক্ষমতাসীন দল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) চেয়ে এখনো বেশ এগিয়ে এনডিএ। ভারতীয় একটি টেলিভিশনের জনমত জরিপের ফলাফলে এমনটাই উঠে এসেছে।
আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে প্রকাশিত জরিপের আভাসে দেখা যায়, এখন নির্বাচন হলে ২১২ থেকে ২৩২টি আসন পেয়ে সরকার গঠন করতে পারে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। এর মধ্যে বিজেপি এককভাবে পেতে পারে ১৯৩ থেকে ২১৩ আসন। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট পেতে পারে দ্বিতীয় সর্বোচ্চ ১১৯ থেকে ১৩৯ আসন। এর মধ্যে কংগ্রেস এককভাবে পেতে পারে ৯৪ থেকে ১১০টি আসন।
জরিপটি চালানো হয় ভারতের ছয়টি রাজ্যের লোকজনের ওপর। রাজ্যগুলো হলো উত্তর প্রদেশ, বিহার, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু ও দিল্লি। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে ইউপিএ পেয়েছিল ২৬২টি আসন। এনডিএ পেয়েছিল ১৫৯টি আসন।
গত জানুয়ারিতে পরিচালিত এক জনমত জরিপের ফলাফলে আভাস পাওয়া যায়, ৩৬ ভাগ লোক নরেন্দ্র মোদিকে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তা কমে এখন দাঁড়িয়েছে ৩১ শতাংশে। এখনো স্পষ্টতই সবার চেয়ে এগিয়ে মোদি। রাহুল গান্ধীর জনপ্রিয়তা কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ১৩ শতাংশে। জনপ্রিয়তা কমেছে বিজেপি ও কংগ্রেস উভয় দলেরই। এর পরও ৩৩ শতাংশ ভোটার বিজেপিকে ক্ষমতায় দেখতে চায়। কংগ্রেসকে ক্ষমতায় দেখতে চান শতকরা ২৬ ভাগ ভোটার।
জরিপের ফলাফল অনুযায়ী, এনডিএ ও ইউপিএ জোটের বাইরে সবচেয়ে বেশি আসন (২০ থেকে ২৮) পাবে তৃণমূল কংগ্রেস। বাম দল পাবে ১৫ থেকে ২৩টি আসন। নির্বাচনে প্রকাশিত জরিপের প্রতিফলন ঘটলে ভারতের ক্ষমতা পাবে মোদির দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট।