জনমত জরিপে এগিয়ে বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার নির্বাচন নিয়ে বিভিন্ন জনমত জরিপের ফলাফলে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বা জাতীয় গণতান্ত্রিক জোট এগিয়ে আছে।
আগামী এপ্রিল-মে মাসে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভারতজুড়ে বিভিন্ন রাজনৈতিক দলও নেমে পড়েছে প্রচারে। বিভিন্ন সমীক্ষা সংস্থাও নিয়মিত প্রকাশ করছে এই নির্বাচনের ফলাফলের আগাম পূর্বাভাস। ইতিমধ্যে এবিপি আনন্দ-এসি নিয়েলসন, ইন্ডিয়া টুডে-সি ভোটার এবং আইবিএন-সিএসডিএস প্রকাশ করেছে তাদের সমীক্ষার ফল।
সব ফলাফলেই ইঙ্গিত দেওয়া হয়েছে কেন্দ্রে সরকার গড়ার দৌড়ে এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। অনেক পেছনে রয়েছে ক্ষমতাসীন ইউপিএ বা সংযুক্ত প্রগতিশীল মোর্চা। শুধু তাই নয়, সমীক্ষার ফলাফলে এই আভাস পাওয়া গেছে যে এবারের নির্বাচনে কংগ্রেস অতীতের সব রেকর্ড ভেঙে সবচেয়ে কম আসন পেতে পাবে। তিন অঙ্কের কোঠায় তারা যেতে পারবে না। কাজেই এই সমীক্ষার ফলাফল এনডিএ জোটের জন্য সুসংবাদ ও ইউপিএ জোটের দুঃসংবাদ।
সারা ভারতের ২৮০টি লোকসভা কেন্দ্রের ৬৪ হাজার ছয় জনের মতামত গ্রহণ করে গতকাল শনিবার সমীক্ষা প্রতিবেদন পেশ করেছে এবিপি আনন্দ-এসি নিয়েলসন। আর শুক্রবার প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে-সি ভোটার ও আইবিএন-সিএসডিএস।
লোকসভায় ৫৪৩টি আসন রয়েছে। সরকার গড়তে হলে প্রয়োজন ২৭২টি আসন। এবিপি আনন্দ-এসি নিয়েলসন তাদের সমীক্ষা প্রতিবেদনে বলেছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ২২৬, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে ১০১, বাম দল পেতে পারে ৩০, তৃণমূল পেতে পারে ২৬ এবং অন্যরা পেতে পারে ১৬০টি আসন।
ইন্ডিয়া টুডে-সি ভোটার তাদের সমীক্ষায় বলেছেন, এনডিএ পেতে পারে ২০৭-২১৭, ইউপিএ ৯৮-১০৮, বাম ৩১, তৃণমূল ২৩ এবং অন্যরা পেতে পারে ১৬৯-১৭৯টি আসন।
আর আইবিএন-সিএসডিএস বলেছে, এনডিএ পেতে পারে ২১১-২৩১, ইউপিএ ১০৭-১২৭, বাম দল ১৫-২৩, তৃণমূল ২০-২৮ এবং অন্যরা পেতে পারে ৯৭-১৬৭টি আসন।
সর্বশেষ ২০০৯ সালের লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল ১৫৯, ইউপিএ ২৫৯, বাম দল ২৪, তৃণমূল ১৯ ও অন্যরা ৮২টি আসন।