জনমত জরিপে রাহুলের চেয়ে মোদি এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মোট ভোটারের ৬০ শতাংশেরও বেশি সে দেশের বিরোধী দল বিজেপিকে সমর্থন করে। আর ক্ষমতাসীন কংগ্রেসকে সমর্থন করে ২০ শতাংশেরও কম ভোটার। যুক্তরাষ্ট্রভিত্তিক বড় ধরনের একটি গবেষণা প্রতিষ্ঠানের জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। গত বুধবার জরিপের ফল প্রকাশ করা হয়।
ওই গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ বলেছে, ভারতের পার্লামেন্ট নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এই মুহূর্তে দেশটির অর্ধেকেরও বেশি জনগণ চাইছে—ক্ষমতাসীন জোট সরকার নয়, আগামী এপ্রিল-মে মাসের নির্বাচনের মাধ্যমে হিন্দু জাতীয়বাদী বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসুক।
বিজেপি বা কংগ্রেস কতটি আসনে জয়ী হতে পারে, তা নিয়ে কোনো জরিপ চালানো হয়নি। তবে জরিপে উঠে এসেছে, ভোটারদের কাছে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর চেয়ে বিজেপি মনোনীত প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি বেশি জনপ্রিয়।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানটি দৈবচয়ন ভিত্তিতে ভারতের বিভিন্ন রাজ্য ও অঞ্চলের দুই হাজার ৪৬৪ জন ভোটারের সাক্ষাৎকারের ভিত্তিতে জরিপটি পরিচালনা করেছে। এসব রাজ্য ও অঞ্চল ভারতের মোট জনগোষ্ঠীর ৯১ শতাংশ প্রতিনিধিত্ব করছে। গত ৭ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত জরিপটি চালানো হয়।
জরিপে দেখা গেছে, বর্তমানে ভারত যেভাবে এগিয়ে চলেছে তাতে এক-তৃতীয়াংশেরও কম ভোটার সন্তুষ্ট। প্রতি ১০ জনের ছয়জনেরও বেশি চাইছে, ভবিষ্যৎ সরকারের নেতৃত্বে বিজেপি আসুক।
রাহুলকে চুম্বন: দেশের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। গত বুধবার আসামে ৬০০ নারীর একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এতে সর্বস্তরের নারীরা অংশ নেন। রাহুলকে দেখে তাঁরা এতটাই রোমাঞ্চিত হন যে তাঁদের একজন রাহুলের কপালে চুমু এঁকে দেন। আরেকজন রাহুলের কপোলে চুমু দেন। টাইমস অব ইন্ডিয়া।