জনসংখ্যা নয়, স্থূলতাই বড় হুমকি!
বিপুল জনসংখ্যায় ভারাক্রান্ত পৃথিবী। ভবিষ্যতে হয়তো বাসযোগ্যতাই হারাবে সবুজ-শ্যামল এই গ্রহটি। তাই বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে সবাই গলদঘর্ম। তবে নতুন একটি গবেষণা বলছে, ক্রমবর্ধমান জনসংখ্যার চেয়ে স্থূলতার ক্রমবর্ধমান হারই বিশ্বের জন্য বড় হুমকি।যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞরা এ গবেষণাটি পরিচালনা করেছেন। তাঁদের গবেষণা প্রতিবেদনটি বিএমসি পাবলিক হেলথ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকেরা বলেছেন, বিশ্বব্যাপী স্থূলতার ক্রমবর্ধমান হার বিশ্বের সম্পদের ওপর অতিরিক্ত ১০০ কোটি লোকের সমপরিমাণ প্রভাব ফেলতে পারে।গবেষক দলটি আনুমানিক যে হিসাব বের করেছে তাতে দেখা গেছে, বিশ্বের জনসংখ্যার মোট ওজন ২৮ কোটি ৭০ লাখ টন। গবেষকদের অনুমানমতে, বিশ্বের মানুষের মোট ভর শরীরের বাড়তি ওজনের কারণে এক কোটি ৫০ লাখ টন এবং স্থূলতার কারণে ৩৫ লাখ টন বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য-উপাত্ত ব্যবহার করে মানুষের গড় ওজন বের করেছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, বিশ্বের মানুষের গড় ওজন ৬২ কেজি। তবে অঞ্চলভেদে এই ওজনের তারতম্য ব্যাপক। উত্তর আমেরিকার মানুষের ওজন গড়ে ৮০ দশমিক ৭ কেজি। সেখানে এশিয়ায় তা গড়ে মাত্র ৫৭ দশমিক ৭ কেজি। উত্তর আমেরিকায় বিশ্বের জনসংখ্যার মাত্র ছয় ভাগ বাস করলেও স্থূলতার কারণে মহাদেশটি অতিরিক্ত ওজনের তিন ভাগের এক ভাগের জন্যই দায়ী। আর এশিয়ায় বিশ্বের মোট জনসংখ্যার ৬২ ভাগ বাস করলেও মাত্র ১৩ ভাগ অতিরিক্ত ওজনের জন্য দায়ী। বিজ্ঞানীরা মানুষের ওজনের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে ভারী ও পাতলা দেশের তালিকাও তৈরি করেছেন। তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। অধ্যাপক রবার্টসের মতে, যুক্তরাষ্ট্রের মানুষ যে মাত্রায় স্থূলকায়, বিশ্বের অন্য দেশগুলোর মানুষেরও যদি সেই অবস্থা হতো, তবে বিশ্বকে আরও ১০০ কোটি মানুষের সমান চাপ সহ্য করতে হতো। বিবিসি।