পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় গতকাল শুক্রবার সকালে বিরোধী দলের আনা রাজ্যে ধর্ষণ বৃদ্ধি নিয়ে প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে ধর্ষণ বাড়ছে, কারণ রাজ্যে জনসংখ্যা বাড়ছে।মমতা আরও বলেন, রাজ্যে শপিং মল ও সিনেমাপ্লেক্স বাড়ছে এবং যুবসমাজ আধুনিক হচ্ছে। বিরোধী দলের প্রশ্নে একপর্যায়ে মেজাজ হারিয়ে তিনি বিরোধী দলের উদ্দেশে বলে ওঠেন, ‘বেশি কথা বলবেন না, আমাকে জ্ঞান দেবেন না।’মমতার এসব মন্তব্যে কলকাতাজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রখ্যাত সংগীতশিল্পী ও তৃণমূল সাংসদ কবীর সুমন, কবি সুবোধ সরকার, নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন ও সমাজসেবী অধ্যাপিকা মিরাতুননাহার মমতার এই মন্তব্যে প্রতিক্রিয়া প্রকাশ করে জানান, মুখ্যমন্ত্রীর এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত। তাঁকে আরও সংবেদনশীল হওয়া উচিত।তৃণমূল আমলে খুন-ধর্ষণ বেড়েছে: কলকাতা পুলিশ সূত্রে প্রকাশ, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মহানগরে খুন, ধর্ষণ, শ্লীলতাহানি, ডাকাতি ও অপহরণের সংখ্যা বেড়েছে।সূত্র জানায়, ২০১১ সালে কলকাতা মহানগরে খুনের ঘটনা ঘটেছে ৫৪টি, ধর্ষণ ৪৬, শ্লীলতাহানি ২৫৪, ডাকাতি ৩৪ এবং অপহরণের ঘটনা ঘটেছে ১৪৮টি।২০১২ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে খুন ৮৫টি, ধর্ষণ ১২১, শ্লীলতাহানি ৪৯১, ডাকাতি ৪৪ এবং অপহরণ ২৮৪টি।