জনসংখ্যায় ২০৭০ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়াবে ইসলাম
২০৭০ সালে সংখ্যায় খ্রিষ্টধর্মকে টপকে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের ধর্ম হবে ইসলাম। তার আগে ২০৫০ সালেই খ্রিষ্টধর্মকে প্রায় ধরে ফেলবে ইসলাম। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার এক গবেষণা প্রতিবেদনে এ ভবিষ্যদ্বাণী করেছে। খবর পিটিআইয়ের।
‘বিশ্বের ধর্মগুলোর ভবিষ্যৎ’ শীর্ষক গবেষণাটিতে বলা হয়েছে, বিশ্বের সার্বিক জনসংখ্যা বৃদ্ধির চেয়ে মুসলিম জনসংখ্যা অনেক দ্রুত বাড়বে। আর খ্রিষ্ট ও হিন্দুধর্মাবলম্বীর সংখ্যা বাড়বে স্বাভাবিক গতিতে। গবেষণা প্রতিবেদনটির অনুমান, বিশ্বে মুসলমানের সংখ্যা ২০১০ সালের ১৬০ কোটি থেকে ২০৫০ সালে বেড়ে দাঁড়াবে ২৮০ কোটিতে। এটি হবে বিশ্বে মোট জনসংখ্যার ৩০ শতাংশ। একই সময়ে খ্রিষ্টানের সংখ্যা ২১৭ কোটি থেকে বেড়ে হবে ২৯০ কোটি। কোনো ধর্মেই বিশ্বাস করে না এমন মানুষ বর্তমানে বিশ্বে তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী। তবে ২০৫০ সালে তাদের কিছুটা পেছনে ফেলবে হিন্দুরা।
প্রতিবেদন বলছে, আগামী চার দশকও খ্রিষ্টানদের সংখ্যাই বিশ্বের সবচেয়ে বেশি থাকবে। তবে সব ধর্মের চেয়ে ইসলামের সম্প্রসারণ হবে বেশি। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৭০ সালের পর বিশ্বের সবচেয়ে বেশি মানুষের ধর্ম হবে ইসলাম। ইউরোপে ২০১০ সালে মোট জনসংখ্যার ৫ দশমিক ৯ শতাংশ মুসলিম ছিল। কিন্তু ২০৫০ সালেই তা প্রায় ১০ শতাংশ হবে। ২০৫০ সালেও ভারতে হিন্দুদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকবে। তবে ইন্দোনেশিয়াকে ছাপিয়ে তখন দেশটি হবে বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানের আবাসভূমি।