জনসন অ্যান্ড জনসনকে ১১০ কোটি ডলার জরিমানা
নিজেদের একটি ওষুধের ঝুঁকি সম্পর্কে মানুষকে যথাযথভাবে না জানানোর দায়ে বিখ্যাত কোম্পানি জনসন অ্যান্ড জনসনের ওষুধ তৈরির প্রতিষ্ঠান জনসেন ফার্মাসিউটিক্যালসকে ১১০ কোটি মার্কিন ডলার জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।২০০৭ সাল থেকে মানসিক রোগের চিকিৎসার ওষুধ রিসপারডেল বাজারজাত করছে জনসন অ্যান্ড জনসন এবং তাদের অঙ্গপ্রতিষ্ঠান জনসেন ফার্মাসিউটিক্যাল। কিন্তু এই ওষুধ গ্রহণের ঝুঁকি সম্পর্কে তারা মানুষকে পুরোপুরি জানায়নি। এ অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্রের আরকানস অঙ্গরাজ্যের সরকার। মামলার রায়ে বিচারক জনজন অ্যান্ড জনসন এবং জনসেন ফার্মাসিউটিক্যালসকে জরিমানার রায় দিয়েছেন।তবে আদালতের রায়ে হতাশা প্রকাশ করেছে জনসেন ফার্মাসিউটিক্যালস। যদিও যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যেও এই কোম্পানিটির বিরুদ্ধে আগেও এ ধরনের অভিযোগ উঠেছে এবং তাদের জরিমানাও করা হয়েছে।গোল্ডম্যান সাচকে জরিমানা: তথ্য ফাঁস হয়ে যাওয়া ঠেকাতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম বড় বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান সাচকে দুই কোটি ২০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে সে দেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।এসইসি বলেছে, গোল্ডম্যান সাচ তাদের বড় বড় মক্কেলদের নিয়ে প্রতি সপ্তাহে বৈঠক করে। এ বৈঠকে বিভিন্ন কোম্পানির শেয়ারের ঝুঁকি বা সম্ভাবনা এবং বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। কিন্তু তাদের ওই বৈঠকের তথ্য ফাঁস হয়ে বাইরে চলে যায়। এর ভিত্তিতে অনেকে শেয়ার কেনাবেচার সিদ্ধান্ত নিয়ে থাকে। এ ধরনের তথ্য ফাঁস ঠেকাতে ব্যর্থ হওয়ায় ব্যাংকটিকে ওই জরিমানা করা হয়েছে। বিবিসি।