জন্মদিনে প্রার্থীদের নাম ঘোষণা মায়াবতীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মায়াবতী রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছেন। গতকাল রোববার নিজের ৫৬তম জন্মদিনে তিনি দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি) দলিত সম্প্রদায়ের কোটায় ৮৮ জন, অন্যান্য অনগ্রসর গোষ্ঠীর কোটায় ১১৩ জন, মুসলিম সম্প্রদায়সহ সংখ্যালঘু কোটায় ৮৫ জন এবং ৭৪ জন ব্রাহ্মণসহ ১১৭ জনকে উঁচু বর্ণের কোটায় প্রার্থী মনোনীত করেছে।দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মায়াবতী বলেন, ‘নির্বাচনী বিধি লঙ্ঘন হতে পারে—এ আশঙ্কায় দলের পক্ষ থেকে আমার জন্মদিনে কোনো উৎসবের আয়োজন করা হয়নি। তবে দলের কর্মীরা নিজ নিজ পরিবারের সঙ্গে জন্মদিনের উৎসব পালন করবেন।’ মায়াবতী আরও বলেন, চণ্ডীগড় উদ্যানে কংগ্রেসের প্রতীক ও সরকারি অর্থে নির্মিত রাষ্ট্রীয় লোকদলের (আরএলডি) প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। এ ছাড়া মায়াবতীর মূর্তি ঢেকে দেওয়ার নির্বাচন কমিশনের নির্দেশনাকে ‘একপেশে ও পক্ষপাতদুষ্ট’ উল্লেখ করে মায়াবতী বলেন, ‘উদ্যানগুলোতে হাতির মূর্তি দলীয় প্রতীক হিসেবে নয়, বরং বাবু কানশি রামের দলীয় মতাদর্শের অংশ হিসেবে নির্মাণ করা হয়েছে।’নির্বাচন কমিশন আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত রাজ্যে মায়াবতীর সব প্রতিকৃতি ও বিএসপির দলীয় প্রতীক হাতি ঢেকে ফেলার নির্দেশ দিয়েছে। অতীতে মায়াবতীর জন্মদিন বেশ ঘটা করে পালন করা হয়েছে। তবে কখনো কখনো মায়াবতীর জন্মদিনের উৎসবে প্রচুর ব্যয় ও আমলাদের অংশগ্রহণ নিয়ে বিতর্ক হয়েছে। গত বছর মায়াবতীর জন্মদিন উপলক্ষে ৬০০টি নতুন প্রকল্পের ঘোষণা দেওয়া হয়। টাইমস অব ইন্ডিয়া।