জন্মদিনে মোদির ধর্মনিরপেক্ষ হওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি। ছবি: ফাইল
নরেন্দ্র মোদি। ছবি: ফাইল

ভারতের আগামী ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার তাঁর ৬৩তম জন্মদিনে নিজেকে ধর্মনিরপেক্ষ ব্যক্তি হিসেবে পরিচিত করতে চেষ্টা করেছেন।

এনডিটিভি বলছে, গুজরাটের মুখ্যমন্ত্রী ও হিন্দু জাতীয়তাবাদী দলের নেতা মোদি সব ধর্মের ভোটারদের মন জয় করতেই এসব প্রচেষ্টা চালাচ্ছেন।

মোদির জন্মদিন উপলক্ষে বিজেপি আজ বিপুলসংখ্যক মুসলিম তরুণকে দিয়ে ৬৪ কেজি ওজনের কেক কাটার আয়োজন করেছে। বিজেপির সাম্প্রদায়িক পরিচয়কে আড়াল করতে দেশটির বিভিন্ন জায়গায় আজ মুসলিমদের পাশে রেখে মোদির জন্মদিন পালনের আয়োজন করা হয়।

নির্বাচনের আগে এক লাখ মুসলিম তরুণকে দলে অন্তর্ভুক্ত করার কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। মোদির দীর্ঘ জীবন কামনায় মুম্বাইয়ের ঐতিহাসিক মোখদুম শাহ বাবার মাজার ও মাহিম দরগা শরিফে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, নরেন্দ্র মোদি আজ দিন শুরু করেছেন তাঁর ৯৫ বছর বয়সী মায়ের সঙ্গে দেখা করার মধ্য দিয়ে। সেই সঙ্গে তিনি তাঁর অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কেশুভাই প্যাটেলের বাড়িতেও যান।

মোদির জন্মদিনটিকে ঘিরে আজ থেকে নির্বাচনী প্রচারে নেমেছে বিজেপি। বিকেলে দিল্লির তালকোটরা স্টেডিয়াম থেকে শুরু হয় শোভাযাত্রা। ঘর গোছাতে ইতিমধ্যে দলের প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানির সঙ্গেও সুসম্পর্ক গড়ে ফেলেছেন মোদি।

এদিকে, ভারতের উত্তর প্রদেশের জয়পুরে গত সপ্তাহে দাঙ্গায় নিহত মুসলিমদের প্রতিবাদী কর্মসূচিতে বিজেপিকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। গত রোববার হরিয়ানা রাজ্যের রেওয়ারিতে অবসরপ্রাপ্ত সেনাদের অনুষ্ঠানে মোদি নিজেকে ধর্মনিরপেক্ষ হিসেবে পরিচিত করতে গিয়ে বলেন, ‘জাতীয়তাবাদই হলো প্রকৃত ধর্মনিরপেক্ষতা।... সেনাবাহিনীর চেয়ে বড় সেক্যুলার চর্চা আর কোথাও নেই।’

এদিকে ২০০২ সালে মোদি মুখ্যমন্ত্রী থাকাকালে তাঁর রাজ্যেই হিন্দু-মুসলিম দাঙ্গায় তিন হাজার মানুষ মারা যায়। এ দাঙ্গার জন্য তাঁকে দায়ী করা হলেও আদালতে তা প্রমাণিত হয়নি। কিন্তু মোদির পরিচয়ে তা লেগে আছে জেনেই তিনি এখন ধর্মনিরপেক্ষতার প্রতি জোর দিচ্ছেন বলে মনে করছেন ভারতের রাজনৈতিক বিশ্লেষকেরা।