জন্মসূত্রে নাগরিকত্ব প্রশ্নে ওবামাকে আদালতে তলব
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই যোগ্যতা অর্জনে তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিক কি না, তা যাচাইয়ের একটি মামলায় তাঁকে সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।ওবামার নাগরিকত্ব চ্যালেঞ্জ করে নতুন মামলাটি করেছে ‘বার্থার’ আন্দোলন। তাদের দাবি, ওবামার জন্ম হয়েছে বিদেশে। এর পরিপ্রক্ষিতে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একজন বিচারক চলতি সপ্তাহে ওবামাকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনে একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে আদালতে সশরীরে হাজির করানোর বিধান আছে কি না, তা পরিষ্কার নয়। তবে আদালতের এ নির্দেশ রদ করার ব্যাপারে ওবামার আইনজীবীর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান জর্জিয়ার উপপ্রধান বিচারক মাইকেল মালিহি।ওই আন্দোলনের পক্ষে জর্জিয়ার একজন বাসিন্দা মামলাটি করেন। তাঁর লক্ষ্য, ওই রাজ্যে আগামী মার্চ মাসে প্রেসিডেনশিয়াল প্রাইমারিতে ভোট পাওয়ার সুযোগ থেকে ওবামাকে বঞ্চিত করা। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি ওর্লি তাইতজ ওবামার বিরুদ্ধে এ আইনগত চ্যালেঞ্জ আদালতে উত্থাপন করেন। এএফপি।