জন্মেই দুর্ঘটনায় পড়েও বেঁচে গেল শিশুটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালে যাওয়ার পথে গাড়িতেই ভূমিষ্ঠ হয়েছিল শিশুটি। তার ওপর আবার দুর্ঘটনায় পড়ে গাড়িটি। এর পরও বেঁচে গেছে ওই শিশু।বিস্ময়কর এ ঘটনা ঘটেছে সুইডেনে। শিশুটির বাবা মোখলেস রাহিমা স্ত্রীর প্রসববেদনা ওঠায় তাঁকে নিয়ে দ্রুত পশ্চিম গেভল শহরের একটি হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। গাড়িতে ছিল বড় অন্য দুই সন্তানও। হঠাৎ স্ত্রী সামাহের মেজবান ‘ও চলে আসছে! ও চলে আসছে!’ বলে চেঁচিয়ে উঠলে মোখলেস রাস্তার কথা ভুলে পেছনের সিটে তাকান। এতে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং চারটি পাক খায়।টেলিভিশনে ঘটনার বর্ণনা দিতে গিয়ে মোখলেস বলেন, ‘স্ত্রীর চিৎকার শুনে পেছনে তাকিয়ে দেখি, আমার মেয়ের জন্ম হলো। সে মাথা নিচের দিকে করে গাড়ির মেঝেতে পড়ে।’গাড়িটি ওলট-পালট খাওয়ার পর থামলে মোখলেস দেখেন, পেছনের সিটে তাঁর দুই সন্তান এবং স্ত্রী ঠিকই আছেন। কিন্তু নবজাতক শিশুটিকে দেখা যাচ্ছিল না। তবে একটু খুঁজতেই তাকে সিটের নিচে পাওয়া যায়। মোখলেস বলেন, ‘আমি তখন ওকে তুলে নিয়ে বুকে জাপটে ধরি। ও তখন কাঁদছিল।’দুর্ঘটনার পর পাশ দিয়ে যেতে থাকা আরেকটি গাড়ির চালক জরুরি সেবা বিভাগকে খবর দিয়ে পরিবারটিকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেন।নবজাতক শিশুটি সুস্থ আছে। পরিবারের অন্য সদস্যরাও অক্ষত আছে। বিবিসি।