জবসের অভাব পূরণ হওয়ার নয়
প্রচলিত রীতিনীতি ও প্রত্যাশার বাইরে অন্য রকম এক জীবন গড়েছিলেন স্টিভ জবস। আবেগ ছিল তাঁর মধ্যে, ছিল একটু খ্যাপাটে স্বভাব। সব মিলিয়ে তিনি এমনই এক মানুষ ছিলেন। অ্যাপলের অনেক ভক্ত ও বিনিয়োগকারী মনে করেন, কম্পিউটারের জগতে তিনি বিশাল অবদান রেখে গেছেন এবং তাঁর অভাব পূরণ হওয়ার নয়।জবস কেবল কম্পিউটার ভুবনকেই বদলে দেননি, মোবাইল ফোনেও প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছেন। এর সুফল পাচ্ছে আজকের আধুনিক বিশ্বের মানুষ। পারস্পরিক যোগাযোগ উন্নত ও সহজ হয়েছে। তথ্য সহজলভ্য হয়েছে। শীর্ষ সফটওয়্যার-নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা ও জবসের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী বিল গেটস বলেন, স্টিভ ছিলেন সেই বিরল মানুষের একজন, যাঁর গভীরভাবে প্রভাব ফেলার ক্ষমতা ছিল। তাঁর এই সুপ্রভাব যুগ যুগ ধরে অনুভব করবে ভবিষ্যৎ প্রজন্ম। তিনি আরও বলেন, ‘তাঁর সঙ্গে আমাদের মধ্যে যাঁদের কাজ করার সৌভাগ্য হয়েছে, তাঁদের জন্য তা বিরাট সম্মানের ব্যাপার।’১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি সানফ্রান্সিসকোয় জন্ম জবসের। তাঁর বাবা সিরীয় বংশোদ্ভূত আবদুল ফাত্তাহ জান্দালি ও মা জোয়ান সিবিল। জন্মের পরই তাঁকে দত্তক দেওয়া হয়। সিলিকন ভ্যালির একটি দরিদ্র পরিবারে বড় হতে থাকেন তিনি। সেখানে ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের কারখানা। পরিবেশগত কারণেই প্রযুক্তি ও প্রকৌশলের নানা কারিকুরি আকৃষ্ট করে তাঁকে।বড় হয়ে কলেজের পাট না চুকিয়েই ভারতে চলে গিয়েছিলেন জবস। সেখানে আধ্যাত্মিক পথ অনুসন্ধান শেষে ফিরে আসেন দেশে। ১৯৭৬ সালে মাত্র ২১ বছর বয়সে বন্ধু স্টিভ ওজনিয়াকের সঙ্গে মিলে গড়ে তোলেন কম্পিউটার নির্মাণের প্রতিষ্ঠান অ্যাপল। প্রিয় ফলের নামানুসারে এ নামটিও তাঁরই দেওয়া। তারপর একের পর এক তাঁর উন্নতির সোপান উতরে যাওয়া।আইপড, আইফোন ও আইপ্যাড থেকে সারা বিশ্বের মানুষ আজ প্রযুক্তির যে ব্যাপক সুবিধা পাচ্ছে, এর পেছনে জবসের অসামান্য অবদান রয়েছে। তাঁর সম্পর্কে অ্যাপলের সাবেক কর্মী গাই কাওয়াসাকি বলেছেন, মানব ইতিহাসে তিনি সবচেয়ে সেরা প্রধান নির্বাহী কর্মকর্তা। রয়টার্স।