জমকালো বিয়ে, সংকটে মধ্যবিত্তরা
আহমদ মাহফুজ একজন সরকারি চাকরিজীবী। গড়পরতা আফগানদের চেয়ে তিনি প্রায় দশগুণ বেশি আয় করেন। তবুও তিনি নিজের বাগদত্তাকে বিয়ে করে ঘরে তুলতে পারছেন না। গত ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে তাঁর বাগদান হয়। বাগদান উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৫০০ অতিথিকে নিমন্ত্রণ করা হয়েছিল। সেই ব্যয়বহুল আয়োজনের দেনা (এক হাজার মার্কিন ডলার) তিনি এখনো শোধ করতে পারেননি। অথচ মাহফুজের হবু স্ত্রী ও তাঁর পরিবার আশা করছে, আসন্ন বিয়ের অনুষ্ঠানটি আরও জমকালো হবে। ২৭ বছর বয়সী আহমদ মাহফুজ এখনো জানেন না কী করে সেটা সম্ভব হবে। তিনি বলেন, ‘পরিচিত প্রায় সবাই এখন আমার পাওনাদার। বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে আরও অনেক অর্থের দরকার। জানি না কীভাবে আমি এত অর্থ জোগাড় করব।’ মধ্যবিত্ত আফগান পরিবারগুলো আজকাল প্রায়ই এ রকম সংকটের মুখোমুখি হচ্ছে।প্রায় এক দশক আগে তালেবানের পতনের পর থেকে আফগানিস্তানের শহরগুলোতে বিয়ের অনুষ্ঠানের ধরন পাল্টে গেছে। বিয়ে উপলক্ষে এখন জমকালো পার্টি দেওয়ার প্রচলন শুরু হয়েছে। অতিথির সংখ্যা এক হাজারের কম হলে সামাজিক মর্যাদা রাখাই দায়। এত মানুষের জায়গার সংকুলান করতে এখন বাড়িতে আয়োজন না করে বড় হলঘর ভাড়া নিতে হচ্ছে। এ ধরনের আয়োজন পাত্রপক্ষের সামর্থ্যতা প্রমাণ করে। চিরায়ত প্রথা অনুসারে বরপক্ষকেই বিয়ের আয়োজনের যাবতীয় ব্যয় বহন করতে হয় এবং কখনো কখনো যৌতুকও দিতে হয়। আফগান সমাজবিজ্ঞানী বারায়ালাই ফেত্রাতের মতে, বিয়েতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা আফগানিস্তানে নতুন ও শহুরে প্রথা। সাম্প্রতিক বছরগুলোতে দেশে বৈদেশিক মুদ্রার অনুপ্রবেশের কারণে এ ধরনের পরিবর্তন হচ্ছে। ফলে একশ্রেণীর মানুষ রাতারাতি ধনী হয়ে যাচ্ছে। তাঁরা বিয়ের অনুষ্ঠানকে সম্পদ-সামর্থ্য প্রদর্শনের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। অত্যধিক ব্যয়ের কারণে অনেক আফগান তরুণের বিয়েই এখন বিলম্বিত হচ্ছে। এ অবস্থায় আফগান সরকার ব্যয়বহুল বিয়ের আয়োজন নিষিদ্ধ করার চিন্তাভাবনা করছে। দেশটির বিচার মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিল পার্লামেন্টে উত্থাপন করেছে। বিলে বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত ব্যক্তির সংখ্যা ৩০০-তে সীমিত রাখা এবং অতিথিপ্রতি ব্যয় ২৫০ আফগানি (আফগান মুদ্রা) রাখার প্রস্তাব করা হয়েছে।তবে প্রস্তাবিত এই নতুন আইনে অনেকেই সন্তুষ্ট নয়। আফগানিস্তানের নগরগুলোতে বিয়ে একটি বড় ব্যবসা। শুধু রাজধানী কাবুলেই প্রায় ৭০টিরও বেশি বিয়ের হল বা কমিউনিটি সেন্টার রয়েছে। এসব হলের মালিকেরা বলছেন, নতুন আইন কার্যকর হলে তাঁদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এএফপি অবলম্বনে আশিস আচার্য