ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর বিরুদ্ধে এবার কম দামে জমি কেনার অভিযোগ উঠেছে। ভারতের জাতীয় লোক দলের (আইএনএলডি) প্রধান এবং হরিয়ানা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা গত বুধবার এ অভিযোগ করেন। চৌতালার অভিযোগ, কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধীর মেয়েজামাই রবার্ট ভদ্র এবং ছেলে রাহুল গান্ধী বাজারমূল্যের চেয়ে কম দামে জমি কিনেছেন এবং এভাবে কৌশলে তাঁরা রাজস্ব ফাঁকি দিয়েছেন। এই অনিয়মে রাজ্য সরকার সহযোগিতা করেছে। রবার্ট ভদ্র প্রায় এক কোটি ৬৪ লাখ টাকায় ৭৪ একর জমি কেনেন। এ জন্য আটটি দলিল করা হয়েছে। রাহুল গান্ধী কিনেছেন সাড়ে ছয় একর জমি। হরিয়ানা রাজ্যের পলওয়াল জেলায় ২০০৮ ও ২০০৯ সালে এসব জমি কেনা হয়। চৌতালার অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে কংগ্রেস। দলটির এক বিবৃতিতে বলা হয়, রাহুল ওই জমির জন্য নির্ধারিত মূল্য (একরপ্রতি চার লাখ ১০ হাজার ছয় রুপি) পরিশোধ করেছেন। এ ছাড়া দলিলপত্রের জন্য নির্ধারিত রাজস্ব এক লাখ ৫৮ হাজার ৮২০ রুপিও তিনি পরিশোধ করেন। রাহুল ও রবার্টের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের ব্যাপারে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে চৌতালা বলেন, তাঁর কাছে ওই জমির দলিলপত্র রয়েছে। রাহুল কেনার সময় ওই জমির প্রতি একরের দাম ছিল ৩০ থেকে ৩৫ লাখ রুপি এবং একরপ্রতি ছয় লাখ রুপি রাজস্ব পরিশোধ করার কথা। তিনি রাজস্ব কর্মকর্তাদের যোগসাজশে কম দাম দেখিয়ে ওই জমি কেনায় রাজস্ব ফাঁকি দিয়েছেন। ওই জমির বর্তমান মূল্য একরপ্রতি ৪০ থেকে ৪৫ লাখ রুপি। এ ছাড়া রবার্ট ভদ্রের ব্যবসায়িক প্রতিষ্ঠান দলিত সম্প্রদায়ের জমি আত্মসাৎ করেছে। টাইমস অব ইন্ডিয়া।