জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি ভয়াবহ: মোশাররফ
পাকিস্তাসের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, ভারত ও পাকিস্তানের বিরোধপূর্ণ জম্মু ও কাশ্মীর অঞ্চলে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ‘ভয়াবহ’ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুই দেশের সরকারের জন্যই এ ধরনের পরিস্থিতি একেবারেই অগ্রহণযোগ্য। গত শুক্রবার টাইমস নাউ টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ এসব কথা বলেন।প্রতিবেশী দেশ দুটির নিয়ন্ত্রণরেখায় সম্প্রতি গোলাগুলি ও দুই দেশের সেনাসদস্যদের হত্যার ঘটনা ঘটে। এ জন্য এক দেশ অন্য দেশকে দায়ী করছে। এক প্রশ্নের জবাবে মোশাররফ বলেন, ‘আমাদের দুই দেশের নিয়ন্ত্রণ রেখা শান্তিপূর্ণ ছিল। এখন সেখানে কারা এমন ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করছে, তা আমি জানি না। তবে এই পরিস্থিতি উভয় দেশের জন্যই অগ্রহণযোগ্য।’প্রতিবেশী দুই দেশ ২০০৩ সালে নিয়ন্ত্রণরেখা মেনে নিয়ে অস্ত্রবিরতিতে সম্মত হয়। মোশাররফ তখন পাকিস্তানের সেনাপ্রধান ও প্রেসিডেন্ট ছিলেন। সম্প্রতি নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাদের হত্যা করেছে বলে যে অভিযোগ উঠেছে, তা অস্বীকার করেন মোশাররফ। আইএনএনএস।