জম্মুর কিশতওয়ারের কারফিউ ষষ্ঠ দিনে পড়েছে
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্যের কিশতওয়ার শহরে গতকাল বুধবার টানা ষষ্ঠ দিনের মতো কারফিউ অব্যাহত ছিল। তবে জম্মু অঞ্চলের সাতটি জেলায় এ কারফিউ পঞ্চম দিনে পড়ে। মঙ্গলবার এসব স্থানে সাময়িকভাবে কারফিউ শিথিল করা হয়। সাম্প্রদায়িক উত্তেজনাকে কেন্দ্র করে এই কারফিউ জারি করা হয়েছিল। উত্তেজনার কেন্দ্রে থাকা কিশতওয়ার শহরের কর্তৃপক্ষ বলেছে, মঙ্গলবার তারা এই শহরে কারফিউ শিথিল না করার সিদ্ধান্ত নেয়। কিশতওয়ারের জেলা ম্যাজিস্ট্রেট বশির আহমেদ খান বলেন, ‘নিয়মিতভাবে আমরা পরিস্থিতি মূল্যায়ন করছি। পরিস্থিতি বিবেচনা করে কারফিউ শিথিলের সিদ্ধান্ত নেওয়া হবে। এই জেলার কোথাও মঙ্গলবার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অব্যাহত কারফিউয়ের কারণে কিশতওয়ারের অধিবাসীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকটে পড়েছেন।
জম্মু শহরে তিন দিন পর গত মঙ্গলবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা—এই তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। জম্মুর কাথুয়া, সামবা, রেসি, রাজৌরি, উধমপুর ও দোদা জেলায়ও একই দিন সন্ধ্যায় কিছু সময়ের জন্য কারফিউ শিথিল করা হয়। কারফিউ শিথিল থাকার সময় কোথাও বড় ধরনের কোনো অনভিপ্রেত ঘটনা ঘটেনি। তিন দিন বিরতির পর জম্মু-কাশ্মীরে মঙ্গলবার অমরনাথ তীর্থযাত্রা শুরু হলেও জম্মু-শ্রীনগর মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। আইএএনএস।