ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ঘোষণা দিয়েছিল, পঞ্চায়েত নির্বাচনের পর ধুয়ে-মুছে সাফ হয়ে যাবে বামফ্রন্ট। আর কংগ্রেস পরিণত হবে সাইনবোর্ডধারী রাজনৈতিক দলে। তবে বামফ্রন্টকে ধুয়ে-মুছে সাফ করতে না পারলেও এই নির্বাচনে বেশ ভালো অবস্থানে রয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গে তিন হাজার ৩২৯টি গ্রাম পঞ্চায়েতে আসন রয়েছে ৪৮ হাজার ৮০০টি। ৩৪১টি পঞ্চায়েত সমিতিতে আসন রয়েছে নয় হাজার ২৪০টি এবং ১৭টি জেলা পরিষদে আসন রয়েছে ৮২৫টি। গতকাল সোমবার এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সর্বশেষ খবর অনুযায়ী, তিন হাজার ২১৫টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এক হাজার ৪৪৫টি গ্রামের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে তৃণমূল পেয়েছে ৯০১টি, বামফ্রন্ট পেয়েছে ৩২৫টি এবং কংগ্রেস পেয়েছে ১৯৪টি। বিজেপি পাঁচটি ও অন্যরা পেয়েছে ২০টি গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ভোট গণনা শুরু হলেও এখনো কোনো ফল প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। ত্রিস্তরবিশিষ্ট এই পঞ্চায়েত নির্বাচন হয় পাঁচ দফায়। ১১, ১৫, ১৯, ২২ ও ২৫ জুলাই।