জয়ের পথে নওয়াজ

পাকিস্তানের সাধারণ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নিজেকে বিজয়ী দাবি করেছেন। নির্বাচনের ফলাফলে তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) সুস্পষ্টভাবে এগিয়ে আছে। পর্যবেক্ষকেরা বলছেন, তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নওয়াজ।
গতকাল শনিবার পাকিস্তানের প্রতীক্ষিত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির ৬৬ বছরের মধ্যে এই প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো সরকার মেয়াদ পূর্ণ করার পর পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার সকাল পর্যন্ত ভোট গণনার ফলাফলে দেখা যায়, নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ৮৪টি আসন পেয়েছে। সাবেক ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পেয়েছে ১৯ আসন। ক্ষমতা থেকে সদ্য বিদায়ী পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ১১টি আসনে জিতেছে। এ ছাড়া অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে পিএমএল-এন। এককভাবে সরকার গঠনে ১৭২ আসন প্রয়োজন হবে।
জাতীয় পরিষদের ৩৪২ আসনের মধ্যে ২৭২টিতে সরাসরি নির্বাচন হয়েছে। অন্য আসনগুলো সংরক্ষিত। নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল আট কোটি ৬০ লাখের বেশি। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা প্রায় তিন কোটি ৭০ লাখ। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। ১৯৭০ সালের নির্বাচনের পর এটাই সর্বোচ্চ।
এদিকে গতকাল রাতে লাহোরে নির্বাচনী প্রচারণার সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন ৬৩ বছর বয়সী নওয়াজ। তিনি তাঁর সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। দেশের সমস্যার সমাধানে তিনি সব দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
পর্যবেক্ষকেরা বলছেন, পিএমএল-এন একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন নাও করতে পারে। ফলে নওয়াজকে জোট সরকার গঠন করতে হতে পারে।