
ভারতে এ মুহূর্তে লোকসভা নির্বাচন হলে ভোটারদের বড় অংশই বেছে নেবে বিজেপিকে। তবে প্রধানমন্ত্রীর পদে বিজেপির নেতা নরেন্দ্র মোদির প্রতি সমর্থনটা কমছে। ভারতের ছয়টি রাজ্যে স্যাটেলাইট চ্যানেল সিএনএন-আইবিএনের এক জনমত জরিপে উঠে এসেছে এ চিত্র। চ্যানেলটির পক্ষে দিল্লিভিত্তিক সমাজবিজ্ঞান ও মানববিদ্যাবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান দ্য সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটিজ (সিএসডিএস) এই জরিপ চালায়।
গতকাল শুক্রবার কংগ্রেসের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার কথা থাকলেও বেশ কিছু নাম নিয়ে বিতর্কের কারণে তা ঘোষণা করা হয়নি।
জনমত জরিপের চিত্র: গতকাল টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে বলা হয়েছে, সিএনএন-আইবিএন উত্তর প্রদেশ, বিহার, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু ও দিল্লিতে ওই জরিপ চালায়। জরিপের ফলে দেখা যাচ্ছে, এখনই নির্বাচন হলে ২১২ থেকে ২৩২টি আসন পেয়ে অন্যদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। এর মধ্যে বিজেপি এককভাবে পেতে পারে ১৯৩ থেকে ২১৩ আসন। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট পেতে পারে দ্বিতীয় সর্বোচ্চ ১১৯ থেকে ১৩৯ আসন। এর মধ্যে কংগ্রেস এককভাবে পেতে পারে ৯৪ থেকে ১১০টি আসন।
প্রসঙ্গত, ২০০৯ সালের লোকসভা নির্বাচনে ইউপিএ পেয়েছিল ২৬২টি আসন। এনডিএ পেয়েছিল ১৫৯টি।
গত জানুয়ারিতে চালানো এক জনমত জরিপের ফলাফলে বলা হয়, ৩৬ শতাংশ ভোটার নরেন্দ্র মোদিকে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তা কমে এখন দাঁড়িয়েছে ৩১ শতাংশে। তবে এখনো স্পষ্টতই সবার চেয়ে এগিয়ে মোদি। রাহুল গান্ধীর জনপ্রিয়তা কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ১৩ শতাংশে। জনপ্রিয়তা কমেছে বিজেপি ও কংগ্রেস উভয় দলেরই। এর পরও ৩৩ শতাংশ ভোটার বিজেপিকে ক্ষমতায় দেখতে চান। কংগ্রেসকে চান ২৬ শতাংশ ভোটার।
জরিপের ফলাফল অনুযায়ী, এনডিএ ও ইউপিএ জোটের বাইরে সবচেয়ে বেশি আসন (২০ থেকে ২৮) পাবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। বাম দল পাবে ১৫ থেকে ২৩টি আসন। ভোটের বাক্সে এ জরিপের প্রতিফলন ঘটলে ক্ষমতায় আসবে মোদির দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ।
প্রার্থী তালিকা নিয়ে কংগ্রেসে বিতর্ক: কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, সহসভাপতি রাহুল গান্ধীসহ শীর্ষস্থানীয় নেতারা গতকাল সকাল থেকে বিভিন্ন রাজ্যের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসেন। সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গসহ প্রথম কিস্তির তালিকা ঘোষণার কথা ছিল। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তালিকা-ঘিরে চলে অনিশ্চয়তা ও বিতর্ক। আর এ বিতর্ক দুর্নীতির ঘোরতর অভিযোগে অভিযুক্ত তিনটি নাম ঘিরে—অশোক চৌহান, পবন বানসাল ও সুরেশ কালমাডি। অশোক ও সুরেশ মহারাষ্ট্রের কংগ্রেস নেতা। গৃহায়ণ কেলেঙ্কারি জানাজানি হওয়ার সময় অশোক ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তাঁকে ইস্তফা দিতে হয়। কমনওয়েলথ গেমস কেলেঙ্কারির কারণে জেলে যেতে হয় সুরেশ কালমাডিকে। আর পবন বানসাল ছিলেন রেলমন্ত্রী। ভাগনে তাঁর নাম ভাঙিয়ে দুর্নীতি করায় বানসালের চাকরি যায়।
তবে পশ্চিমবঙ্গের তালিকা মোটামুটি চূড়ান্ত। দলের যে ছয়জন সাংসদ রয়েছেন, তাঁদের প্রত্যেককেই নিজ নিজ কেন্দ্র থেকে লড়তে হবে। এর বাইরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরা পোড় খাওয়া নেতা সাবেক প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র লড়বেন কলকাতা (উত্তর) থেকে। ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন রাজি হলে খুব সম্ভবত কৃষ্ণনগর বা বসিরহাট থেকে দাঁড়াবেন।
বিজেপিতেও অসন্তোষ: কংগ্রেসের তুলনায় বিজেপির হাল ভালো হলেও বিতর্ক সেখানেও দানা বেঁধেছে। এ বিতর্ক নবাগতদের ঘিরে। সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার ধুম লেগেছে। হরিয়ানার কংগ্রেস সাংসদ রাও ইন্দরজিৎ সিং কয়েক দিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন। দলে তাঁদের কথা শোনার মতো কেউ নেই, এ কথা বলে গতকাল কংগ্রেস ছাড়লেন উত্তর প্রদেশের ডুমুরিয়াগঞ্জের সাংসদ জগদম্বিকা পাল। শোনা যাচ্ছে, তিনিও শিগগিরই বিজেপিতে যোগ দেবেন। এদিকে পাঞ্জাবেও দুজন শীর্ষস্থানীয় কংগ্রেস নেতা দল ছেড়েছেন।
বাছবিচার না করে বিভিন্ন দলের নেতাদের বিজেপিতে নেওয়াকে কেন্দ্র করে দলে অসন্তোষ শুরু হয়েছে। প্রবীণ নেত্রী সুষমা স্বরাজ প্রবল আপত্তি জানিয়েছেন হরিয়ানার সাবেক কংগ্রেস নেতা বিনোদ শর্মা ও কর্ণাটকের সাবেক কংগ্রেসি শ্রীরামালুকে দলে নেওয়ার ব্যাপারে। গতকাল লালকৃষ্ণ আদভানির বাড়িতে দলনেতা রাজনাথ সিং, সুষমা ও অরুণ জেটলি এ নিয়ে আলোচনা করেন। সুষমার প্রবল আপত্তি বিনোদ শর্মাকে নিয়ে। তাঁর ছেলে মনু শর্মা খুনের মামলায় জেল খাটছেন। বিনোদ শর্মা অবশ্য সরাসরি বিজেপিতে যোগ দেননি। তিনি হরিয়ানায় কংগ্রেসের সাবেক মুখ্যমন্ত্রী ভজনলালের ছেলের দল হরিয়ানা জনহিত কংগ্রেসে যোগ দিয়েছেন। এই দলের সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে।
দুই নেত্রীর ফোনালাপ: গত বৃহস্পতিবার রাতে এক স্যাটেলাইট চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা তাঁর নেই। জয়ললিতা কিংবা মায়াবতী চাইলে তিনি সমর্থন দেবেন। কাকতালীয়ভাবে ওই দিন রাতেই দুই কমিউনিস্ট পার্টির সঙ্গে প্রস্তাবিত আসন সমঝোতা থেকে জয়ললিতা বেরিয়ে আসেন। গতকাল মমতাকে ফোন করেন জয়ললিতা। দক্ষিণী নেত্রী প্রধানমন্ত্রী পদে তাঁর আগ্রহের কথা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ইতিবাচক সাড়া পেয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে গতকাল দিল্লিতে জানানো হয়েছে, দিল্লির সাতটি লোকসভা আসনেই তারা প্রার্থী দেবে। ১২ মার্চ দিল্লির রামলীলা ময়দানে জনসভার মাধ্যমে আন্না হাজারে ও মমতা একযোগে প্রার্থীদের নাম ঘোষণা করবেন।