যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টিতে অন্তঃকলহ এবং জেরেমি করবিনের ‘উত্তাপহীন’ ব্যক্তিত্বের কারণে থেরেসা মের নেতৃত্বে কনজারভেটিভরা বড় ধরনের জয় পাবে, তা অনেকটা অবধারিত বলেই মনে করা হচ্ছিল। কিন্তু গতকাল রোববার প্রকাশিত জরিপের ফল সেই হিসাব-নিকাশে একটা বড় ধাক্কা দিয়েছে। এ জরিপের আভাস, থেরেসা মের জয় অতটা সহজ হবে না। মাত্র দুই সপ্তাহের মাথায় আগামী ৮ জুন যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন।
গতকাল প্রকাশিত শীর্ষস্থানীয় চারটি জরিপের ফলাফল বলছে, ইশতেহার ঘোষণার পর কনজারভেটিভ দলের ভোটব্যাংকে বড় ধরনের আঘাত করতে সক্ষম হয়েছে লেবার দল। এর মধ্যে সানডে টাইমস-এর জন্য করা প্রভাবশালী ‘ইউগভ’ জরিপ বলছে, লেবার দলের সমর্থন ৩১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩৬ শতাংশ। বিপরীতে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের সমর্থন ৪৯ শতাংশ থেকে কমে হয়েছে ৪৫ শতাংশ।
গত এপ্রিল মাসে থেরেসা মে হঠাৎ আগাম নির্বাচন ডাকার পর প্রথমবারের মতো দুদলের ব্যবধান এককের ঘরে নেমে এল। ওই সময় লেবার দলের সমর্থন ছিল মাত্র ২৬ শতাংশ এবং ক্ষমতাসীনদের সঙ্গে দলটির ব্যবধান ছিল প্রায় ২২ শতাংশ।
২০১৫ সালের নির্বাচনে লেবার দল ভোট পেয়েছিল ৩০ দশমিক ৪ শতাংশ। সেই তুলনায়ও লেবারের বর্তমান অবস্থান আরও শক্তিশালী।
লেবার দলের কথিত দুর্বল অবস্থানের সুযোগ নিয়েই প্রধানমন্ত্রী থেরেসা মে হুট করে আগাম নির্বাচনের ডাক দিয়েছেন বলে মনে করা হয়। ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ) সমঝোতায় নিজের চাওয়াকে নিরঙ্কুশ করতে আরও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে ফিরতে চান তিনি।
ব্রেক্সিট প্রক্রিয়া কার্যকরের জন্য জনগণ থেরেসা মেকেই নির্বাচিত করবে—এমনটি অবধারিত বলেই ধরে নিয়েছিল কনজারভেটিভরা। যে কারণে দলটির নির্বাচনী ইশতেহারে চলমান সমস্যাগুলোর সমাধানের উপায় যেমন উপেক্ষিত, তেমনি আছে আরও কৃচ্ছ্রসাধনের বিতর্কিত ঘোষণা। দলের ঐতিহ্যের বিপরীতে গিয়ে থেরেসা এবার প্রবীণদের নানা কল্যাণ সুবিধা হ্রাস করার ঘোষণা দিয়েছেন। নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর বিপরীতে এবার এ জন্য প্রয়োজনীয় অর্থের উৎস সম্পর্কেও কোনো হিসাব দেয়নি দলটি, যা দেশটির প্রচলিত রীতিবিরুদ্ধ। ব্রেক্সিট প্রশ্নে সমর্থকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে থেরেসা মে এমন সাহস করেছেন বলে ধারণা। বিপরীতে গত সাত বছর ক্ষমতার বাইরে থাকা লেবার দল ধনীদের ওপর কর বাড়িয়ে সরকারি কল্যাণ ব্যয় বাড়ানোর এক উদার ইশতেহার ঘোষণা করেছে।
লেবার নেতা জেরেমি করবিন বলেন, তাদের প্রতিশ্রুতিগুলো সাড়া ফেলতে শুরু করেছে। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘ঘর থেকে বের হও, মানুষের সাথে কথা বল। তবেই চিত্র বদলে যাবে।’
প্রধানমন্ত্রী থেরেসা মে তাঁর সমর্থকদের সতর্ক করে দিয়ে বলেছেন, তাঁর দল ছয়টি আসন হারালেই করবিন জিতে যাবেন। সে ক্ষেত্রে ব্রেক্সিট সমঝোতা মারাত্মক ঝুঁকিতে পড়বে।