জরুরি 'পরিত্রাণের' সরকারে মালিকির 'না'

সুন্নি বিদ্রোহ প্রশমনে ইরাকে সব সম্প্রদায়ের অংশগ্রহণমূলক ঐকমত্যের সরকার গঠনের আহ্বান নাকচ করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। এ ধরনের আহ্বানকে তিনি ‘সংবিধানের বিরুদ্ধে অভ্যুত্থান’ বলে আখ্যায়িত করেছেন।
আজ বুধবার সাপ্তাহিক টেলিভিশন ভাষণে নুরি আল মালিকি এ ধরনের সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দেন। বিবিসি এ খবর জানিয়েছে।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরাকে সব ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়ের অংশগ্রহণমূলক সরকার গঠনের আহ্বান জানান।
অভিযোগ রয়েছে, ইরাকের বর্তমান মালিকি সরকার দেশটির সুন্নি সম্প্রদায়ের ওপর চরম বৈষম্যমূলক আচরণ করছে। এতে সুন্নিরা প্রচণ্ড ক্ষুব্ধ। এই ক্ষোভকে কাজে লাগিয়ে জঙ্গিগোষ্ঠী সুন্নিদের নিয়ে বিদ্রোহ করেছে বলে মনে করা হচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে যুক্তরাষ্ট্রসহ নানা মহল থেকে ইরাকে সুন্নিদের অংশগ্রহণ নিশ্চিত করে সরকার গঠন করার প্রস্তাব আসছে।
তবে আজ টেলিভিশন ভাষণে মালিকি বলেন, এ ধরনের আহ্বান ইরাকের সংবিধান ও নবীন গণতন্ত্রের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টারই নামান্তর। যাঁরা এ ধরনের আহ্বান জানাচ্ছেন, তাঁরা ইরাকের নাগরিকদের ভোটাধিকার চুরির চেষ্টা করছেন। তিনি বলেন, গত এপ্রিলে যে পার্লামেন্ট নির্বাচন হয়েছে, ঐকমত্যের সরকার গঠন করা হলে সেই নির্বাচনের ফলকে অস্বীকার করা হবে।
মালিকি সব সম্প্রদায়ের অংশগ্রহণমূলক সরকার গঠন না করে বরং সব সম্প্রদায়কে সুন্নি বিদ্রোহীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
এদিকে, যুক্তরাষ্ট্রের বিশেষ সামরিক বিশেষজ্ঞ দল বাগদাদে পৌঁছেছে। তারা ইরাকি বাহিনীকে সামরিক সহায়তা দেবে। তবে বিদ্রোহী দমনে মার্কিন বাহিনী সরাসরি মাঠে নামছে না। এদিকে, বিদ্রোহীরা বলেছে, এক মাসের মধ্যে রাজধানী বাগদাদের দখল নিতে পারবে বলে তারা মনে করছে।