জর্জ এইচ ডব্লিউ বুশের ই-মেইল হ্যাক করা হয়েছে
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। একজন কম্পিউটার হ্যাকার এ কাণ্ড ঘটিয়ে অ্যাকাউন্টটি থেকে বুশ ও তাঁর পরিবারের ব্যক্তিগত ই-মেইল এবং ছবি চুরি করেছেন। মার্কিন গণমাধ্যমের খবরে গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়।হ্যাকের পর ইন্টারনেটে ছেড়ে দেওয়া ওই সব ছবির একটিতে ৮৮ বছর বয়সী সাবেক রিপাবলিকান এই প্রেসিডেন্টকে হাসপাতালের শয্যায় দেখা যায়। শ্বাসনালির প্রদাহজনিত সমস্যায় সম্প্রতি তিনি ওই হাসপাতালে ভর্তি হন।চুরি হওয়া ই-মেইলগুলোর বিভিন্ন তথ্যের মধ্যে বুশ পরিবারের কয়েকজন সদস্যের ব্যক্তিগত বিস্তারিত বিষয় ও ঠিকানাও রয়েছে। বুশের একজন মুখপাত্র চুরির এ ঘটনায় তদন্ত চলার কথা নিশ্চিত করেছেন। মুখপাত্র জিম ম্যাকগ্রাথ মার্কিন সংবাদপত্র হাউসটন ক্রোনিকলকে বলেন, ‘তদন্তাধীন ফৌজদারি অপরাধের ঘটনায় আমরা মন্তব্য করতে পারি না।’সংবাদভিত্তিক ওয়েবসাইট দ্য স্মোকিং গান এক খবরে বলেছে, ওই হ্যাকার বুশ পরিবারের একাধিক সদস্যের ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করেছেন। চুরি হওয়া ই-মেইলে এইচ ডব্লিউ বুশের স্বাস্থ্য নিয়ে দারুণ উদ্বেগ প্রকাশ করে পাঠানো বার্তা ও একজন সহকারীর মাধ্যম তাঁকে পাঠানো বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার নোটও রয়েছে। এইচ ডব্লিউ বুশ ৪১তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ১৯৮৯-৯৩ মেয়াদে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেন। বিবিসি।